বাংলাদেশের স্বাধীনতা দিবসে ব্রিটেনের রাজা চার্লসের শুভেচ্ছা
প্রকাশ : ২৬ মার্চ ২০২৬, ১৫:০৮
বাংলাদেশের স্বাধীনতা দিবসে ব্রিটেনের রাজা চার্লসের শুভেচ্ছা
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রাষ্ট্রপতি ও জনগণের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস।


বৃহস্পতিবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা দিবস উপলক্ষে এক বার্তায় রাজা আন্তরিক অভিনন্দন জানিয়ে বাংলাদেশের নেতৃত্ব ও জনগণের প্রতি শুভ কামনা জানান।


বার্তায় তিনি বলেন, ‘আমাদের কমনওয়েলথের অভিন্ন মূল্যবোধ ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে গড়ে ওঠা দুই দেশের দীর্ঘস্থায়ী অংশীদারিত্বের কথা আমি গভীরভাবে স্মরণ করছি।’


রাজা চার্লস যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের গুরুত্বপূর্ণ অবদানের কথাও উল্লেখ করেন, যা ব্রিটিশ সমাজকে সমৃদ্ধ করছে এবং দ্বিপাক্ষিক সম্পর্ককে জোরদার করছে।


বিশ্বব্যাপী অনিশ্চয়তার এ সময়ে, ঐক্যের গুরুত্ব তুলে ধরে কমনওয়েলথ কাঠামোর মধ্যে দুই দেশের মধ্যে সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।


জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও টেকসই উন্নয়নে যৌথ প্রচেষ্টার গুরুত্ব তুলে ধরে এ ক্ষেত্রে বাংলাদেশের নেতৃত্বের প্রশংসা করেন রাজা তৃতীয় চার্লস।


তিনি আরও বলেন, ‘জলবায়ু কার্যক্রমে সহযোগিতা আমাদের সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ অংশ এবং পরিবেশ সুরক্ষা ও টেকসই, সমৃদ্ধ ভবিষ্যৎ নিশ্চিত করতে বাংলাদেশের দৃঢ় নেতৃত্বকে আমি অত্যন্ত মূল্যায়ন করি।’


সেই সঙ্গে বাংলাদেশের জনগণের শান্তি, সমৃদ্ধি ও অব্যাহত অগ্রগতি কামনা করেন তিনি।


মহান স্বাধীনতা ও ৫৬তম জাতীয় দিবস আজ। ৫৫ বছর আগে ১৯৭১ সালের এই দিনে দেশকে পাকিস্তানি হানাদারের কবল থেকে মুক্ত করার ডাক এসেছিল। এদিন আনুষ্ঠানিক সূচনা ঘটেছিল বাঙালির সশস্ত্র মুক্তিযুদ্ধের। আজ বাঙালি জাতির ইতিহাসের সর্বশ্রেষ্ঠ অর্জন মহান মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বল ইতিহাস রচনার সূচনার দিন।


স্বাধীনতার ঘোষণার পর পাকিস্তানি শোষকের হাত থেকে প্রিয় মাতৃভূমিকে স্বাধীন করতে রণাঙ্গনে ঝাঁপিয়ে পড়েছিলেন বাংলার দামাল ছেলেরা। এরই ধারাবাহিকতায় ৯ মাস বহু ত্যাগ-তিতিক্ষা আর রক্তক্ষয়ী যুদ্ধের পর ১৬ ডিসেম্বর অর্জিত হয়েছিল স্বাধীনতা ও সার্বভৌমত্ব। জাতি অর্জন করেছিল একটি দেশ, জাতীয় পতাকা ও জাতীয় সংগীত।


মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আজ সরকারি ছুটি। দিবসটি উপলক্ষে আলাদা বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com