
মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়তে থাকায় ‘নিরাপত্তা ঝুঁকির কারণে’ ওমান থেকে জরুরি নয় এমন মার্কিন সরকারি কর্মী ও তাদের পরিবারের সদস্যদের দেশটি ছাড়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। খবর : আনাদোলু এজেন্সি
শুক্রবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের কনস্যুলার বিষয়ক ব্যুরো এক বিবৃতিতে এ নির্দেশনা দেয়। একই সঙ্গে মার্কিন নাগরিকদের ওমান–ইয়েমেন সীমান্ত এলাকায় ভ্রমণ পুনর্বিবেচনার আহ্বান জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়, ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাত শুরু হওয়ার পর থেকে ইরানের পক্ষ থেকে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কা অব্যাহত রয়েছে। পাশাপাশি বাণিজ্যিক উড়োজাহাজ চলাচলেও উল্লেখযোগ্য বিঘ্ন ঘটছে।
গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানে যৌথ হামলা চালানোর পর থেকে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। ওই হামলায় প্রায় ১ হাজার ৩০০ জন নিহত হন। নিহতদের মধ্যে ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিও ছিলেন।
এর জবাবে ইরান ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল, জর্ডান, ইরাক এবং উপসাগরীয় কয়েকটি দেশে, যেখানে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনা রয়েছে। এসব হামলায় হতাহত ও বেসামরিক অবকাঠামোর ক্ষয়ক্ষতির পাশাপাশি বিশ্ববাজার ও বিমান চলাচলেও প্রভাব পড়েছে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]