আল-আকসা বন্ধ রাখায় ইসরায়েলের প্রতি ৮ মুসলিম দেশের নিন্দা
প্রকাশ : ১২ মার্চ ২০২৬, ১০:৫৬
আল-আকসা বন্ধ রাখায় ইসরায়েলের প্রতি ৮ মুসলিম দেশের নিন্দা
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

রমজান মাসে টানা ১২ দিন আল-আকসা মসজিদ বন্ধ রাখায় ইসরায়েলের প্রতি তীব্র নিন্দা জানিয়েছে কাতার, জর্ডান, ইন্দোনেশিয়া, তুরস্ক, পাকিস্তান, সৌদি আরব, মিসর ও সংযুক্ত আরব আমিরাত। খবর আল-জাজিরার।


বুধবার (১১ মার্চ) প্রকাশিত এক যৌথ বিবৃতিতে আটটি আরব ও মুসলিম দেশের পররাষ্ট্রমন্ত্রীরা বলেন, জেরুজালেমের পুরোনো শহর ও সেখানে অবস্থিত উপাসনালয়ে ফিলিস্তিনিদের প্রবেশে ইসরায়েলের বিধিনিষেধ আন্তর্জাতিক আইন, আন্তর্জাতিক মানবিক আইন এবং উপাসনালয়ে অবাধ প্রবেশাধিকারের নীতির স্পষ্ট লঙ্ঘন।


বিবৃতিতে বলা হয়, ‘(৮ দেশের) পররাষ্ট্রমন্ত্রীরা এই অবৈধ ও অযৌক্তিক পদক্ষেপের প্রতি তাদের সম্পূর্ণ প্রত্যাখ্যান ও নিন্দা জানাচ্ছেন। একই সঙ্গে আল-হারাম ও আল-শরিফ-এ ইসরায়েলের উসকানিমূলক কার্যক্রম এবং মুসল্লিদের বিরুদ্ধে পদক্ষেপেরও নিন্দা জানানো হচ্ছে।’


তারা আরও বলেন, অধিকৃত জেরুজালেম বা সেখানে অবস্থিত ইসলামি ও খ্রিস্টান পবিত্র স্থানগুলোর ওপর ইসরায়েলের কোনো সার্বভৌমত্ব নেই।


বিবৃতিতে উল্লেখ করা হয়, আল-আকসা মসজিদের পুরো এলাকা একান্তভাবে মুসলমানদের জন্য নির্ধারিত এবং এর প্রশাসনিক দায়িত্ব জর্ডানের আওকাফ ও ইসলামিক বিষয়ক মন্ত্রণালয়ের অধীন ‘জেরুজালেন এনডোমেন্টস’ এবং ‘আল-আকসা মসজিদ বিষয়ক বিভাগ’-এর হাতে ন্যস্ত।


পররাষ্ট্রমন্ত্রীদের আহ্বান, দখলদার শক্তি হিসেবে ইসরায়েল যেন অবিলম্বে আল-আকসা মসজিদের গেট খুলে দেয়, জেরুজালেমের পুরোনো শহরে প্রবেশে আরোপিত বিধিনিষেধ তুলে নেয় এবং মুসল্লিদের মসজিদে প্রবেশে বাধা দেয়া থেকে বিরত থাকে।


বিবৃতিতে আন্তর্জাতিক সম্প্রদায়কে ইসরায়েলের চলমান ‘লঙ্ঘন’ বন্ধে কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বানও জানানো হয়।


প্রসঙ্গত, ইসরায়েলি বাহিনী চলমান সংঘাতের প্রেক্ষাপটে নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে পুরোনো শহরে প্রবেশ ও মুসল্লিদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করেছে। তবে ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আল-আকসা বন্ধ রাখার সিদ্ধান্ত ফিলিস্তিনিদের অধিকারের ‘স্পষ্ট লঙ্ঘন’।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com