
অষ্টম শ্রেণিতে উঠতেই ২০২৫ সালে বিয়ে হয় সাতক্ষীরার মেয়ে ময়নার (ছদ্মনাম)। স্বামী আরিফও (ছদ্মনাম) দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। অপ্রাপ্তবয়স্ক এই দম্পতি এখন ছয় মাস বয়সী জমজ শিশু সন্তানের মা-বাবা। সম্প্রতি শ্যামনগরের গাবুরায় ময়না ও তার শাশুড়ি হালিমার (৩৪) সঙ্গে কথা হয় এই প্রতিবেদকের। হালিমা জানান, অভাবের কারণে ছেলের পড়াশোনা বন্ধ করে ইটভাটায় কাজে দিতে হয়েছে। সেখানে গিয়ে যাতে ‘চরিত্র নষ্ট’ না হয় সেজন্য অল্প বয়সে বিয়ে দিয়েছেন। তার নিজেরও ১১ বছর বয়সে বিয়ে হয়েছিল বলে জানান তিনি।
বুড়িগোয়ালিনীর জেলেপাড়ার সাথী আক্তারও সম্প্রতি তার ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া মেয়ের বিয়ে দিয়েছেন। কারণ জানতে চাইলে অসহায় কণ্ঠে বলেন, একের পর এক ঝড় ও বন্যায় নদীভাঙনে ঘরবাড়ি হারিয়ে তারা এখন বাস্তুচ্যুত। পথে-ঘাটে দুই সন্তান নিয়ে থাকেন। দিনমজুর স্বামী আর তিনি কোনোভাবে চার সদস্যের পরিবারের খাবার জোটান।
অভাবের মধ্যে মেয়েকে নিয়ে অনিরাপদ বোধ করতেন। বিয়ে দিয়ে একটি আশ্রয় দিয়েছেন।
একইরকম অভিজ্ঞতা জানালেন পদ্মপুকুরের নাসিমাও। এলাকার ইভ টিজিংয়ের পাশাপাশি লবণাক্ত পানির কারণে তিনি নানা ধরনের চর্মরোগেও ভুগছিলেন। তাই তার বাবা-মা সপ্তম শ্রেণিতেই বিয়ে দেন। তিনি পড়াশোনা চালিয়ে যেতে চেয়েছিলেন। বিয়েতে তার সম্মতিও ছিল না। কিন্তু দারিদ্র্য, বাস্তুচ্যুতির অনিশ্চয়তা ও নিরাপত্তাহীনতার মধ্যে নিজের ভবিষ্যৎ বেছে নেওয়ার সুযোগ পাননি তিনি।
কিন্তু বাল্যবিয়ে যে নিরাপত্তা নিশ্চিত করে না, তার সাক্ষ্য উপকূলের বহু নারীর জীবন। গাবুরার জেসমিন খাতুনের (৩৬) বিয়ে হয়েছিল পঞ্চম শ্রেণি শেষ করার আগেই। ঘূর্ণিঝড় আইলার পর তিনি তিন মাস বয়সী সন্তান হারান। লবণাক্ত পরিবেশে বসবাসের মধ্যে জরায়ু ও প্রজনন স্বাস্থ্যজনিত নানা জটিলতায় ভুগতে থাকেন। চিকিৎসার জন্য স্বামীর কাছে টাকা চাইলে শারীরিক নির্যাতনের শিকার হন। পরে স্বামী তাঁকে তালাক দিয়ে দ্বিতীয় বিয়ে করেন।
এই অভিজ্ঞতাগুলো দেখায়, সংকট থেকে মুক্তির আশায় বাল্যবিয়ে দিলেও তা মেয়েদের নিরাপত্তা কিংবা জীবনে স্থিতি নিশ্চিত করতে পারে না। বরং অকাল মাতৃত্ব, স্বাস্থ্যঝুঁকি, নির্যাতন, বিচ্ছেদ ও অর্থনৈতিক অনিশ্চয়তায় তাদের জীবন আরও জটিল হয়ে উঠতে পারে। এই ঝুঁকির শিকার শুধু মেয়েরা নয়, ময়নার স্বামী আরিফের মতো অপ্রাপ্তবয়স্ক ছেলেরাও।
এমন বাস্তবতায় আজ ২৭ নভেম্বর সারা বিশ্বের মতো বাংলাদেশেও প্রথমবারের মতো পালিত হয়েছে আন্তর্জাতিক বাল্য, অল্প বয়সে ও জোরপূর্বক বিয়ে বিলোপ দিবস। গত ৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে গৃহীত প্রস্তাবে দিনটি ঘোষণা করা হয়। ২০৩০ সালের মধ্যে বাল্যবিবাহ নির্মূলের বৈশ্বিক অঙ্গীকার সামনে রেখে দিবসটি পালিত হচ্ছে এমন এক সময়ে, যখন বাংলাদেশে সামগ্রিক বাল্যবিয়ের হার কিছুটা কমলেও কিশোরীদের মধ্যে বর্তমানে বিবাহিত থাকার হার বেড়েছে।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ও ইউনিসেফের মাল্টিপল ইন্ডিকেটর ক্লাস্টার সার্ভে (এমআইসিএস) ২০২৫ অনুযায়ী, ২০ থেকে ২৪ বছর বয়সী নারীদের ৪৭ দশমিক ২ শতাংশের বিয়ে হয়েছে ১৮ বছর পূর্ণ হওয়ার আগে। তাদের ১৩ দশমিক ৪ শতাংশের বিয়ে হয়েছে ১৫ বছর বয়সের আগেই। ২০১৯ সালে ১৮ বছরের আগে বিয়ের হার ছিল ৫১ দশমিক ৪ শতাংশ। অর্থাৎ ছয় বছরে হার কমেছে ৪ দশমিক ২ শতাংশ পয়েন্ট। আরও উদ্বেগজনক হলো, ১৫ থেকে ১৯ বছর বয়সী মেয়েদের মধ্যে বর্তমানে বিবাহিত থাকার হার ২০১৯ সালের ৩২ দশমিক ৯ শতাংশ থেকে বেড়ে ২০২৫ সালে ৩৮ দশমিক ৯ শতাংশ হয়েছে। অর্থাৎ এই বয়সী প্রতি ১০ জন মেয়ের প্রায় চারজন বর্তমানে বিবাহিত।
এখানে দুটি সূচকের পার্থক্য গুরুত্বপূর্ণ। ২০–২৪ বছর বয়সীদের ক্ষেত্রে ১৮ বছরের আগে বিয়ের অভিজ্ঞতা হিসাব করা হয়েছে; আর ১৫–১৯ বছর বয়সীদের ক্ষেত্রে দেখা হয়েছে জরিপের সময় তাদের কতজন বিবাহিত ছিলেন। দুটি সূচক এক নয়, তবে একসঙ্গে এগুলো বাল্যবিবাহ প্রতিরোধে ধীরগতির অগ্রগতি এবং কিশোরীদের মধ্যে নতুন করে বাড়তে থাকা ঝুঁকির চিত্র তুলে ধরে।
দুর্যোগ, দারিদ্রে উপকূলে বাড়ছে বাল্যবিয়ে
শ্যামনগরের গাবুরা, পদ্মপুকুর, বুড়িগোয়ালিনী, মুন্সীগঞ্জের জেলেপাড়া, গুচ্ছগ্রাম ও নীলডুমুর এলাকায় সম্প্রতি সরেজমিন অনুসন্ধানে উঠে এসেছে, দারিদ্র্য, নিরাপত্তাহীনতা, শিক্ষার ব্যয় এবং দুর্যোগে ঘরবাড়ি ও জীবিকা হারানোর মতো বিষয়গুলো বাল্যবিয়ের পেছনে বড় কারণ হয়ে উঠেছে।
এসব এলাকা ঘুরে ৪৫ জন নারীর সাক্ষাৎকার নিয়েছেন এই প্রতিবেদক। তাদের মধ্যে ২৬ জন জানিয়েছেন, ১৮ বছর পূর্ণ হওয়ার আগেই তাদের বিয়ে হয়েছিল। এটি প্রতিবেদকের নিজস্ব সাক্ষাৎকারের হিসাব; জাতীয় বা প্রতিনিধিত্বমূলক কোন জরিপ নয়। এই মাঠপর্যায়ের সাক্ষাৎকারগুলো উপকূলীয় এলাকায় বাল্যবিয়ের অভিজ্ঞতা, এর পেছনের কারণ এবং মেয়েদের জীবনে এর পরিণতি সম্পর্কে একটি ধারণা দেয়।
মুন্সীগঞ্জের মাজিদা খাতুনের বিয়ে হয়েছিল মাত্র ১১ বছর বয়সে। পরে স্বামী তাঁকে রেখে অন্য নারীকে বিয়ে করেন। গাবুরার সোনিয়ার (২৩) বিয়ে হয় সপ্তম শ্রেণিতে পড়ার সময়। লবণাক্ত পানি ও রোদে ত্বকের রং কালো হয়ে যাওয়া এবং পথে উত্ত্যক্ত হওয়ার আশঙ্কায় পরিবার তাকে অল্প বয়সে বিয়ে দেয়। তার শাশুড়ি শাহিদা বেগমের বিয়ে হয়েছিল মাত্র ১০ বছর বয়সে এবং ১৩ বছর বয়সেই প্রথম সন্তানের মা হন তিনি।
উপকূলীয় দুর্গম এলাকার ঘরে ঘরে এক প্রজন্মের বাল্যবিয়ের অভিজ্ঞতা পরের প্রজন্মেও কীভাবে ফিরে আসে, তার জীবন্ত উদাহরণ পাওয়া যায়।
এ প্রসঙ্গে সাতক্ষীরা জেলা মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) নাজমুন নাহার বলেন, দুর্যোগে জীবিকা হারিয়ে অনেক পরিবার গার্মেন্টস, ইটভাটা কিংবা শহরের বস্তিতে চলে যায়। এমন পরিস্থিতিতে মেয়েকে পরিবারে বাড়তি খরচ ও দায়িত্ব মনে করে দ্রুত বিয়ে দেওয়ার প্রবণতা তৈরি হয়। কিন্তু অপরিণত বয়স, সংসার সম্পর্কে অনভিজ্ঞতা এবং নিজস্ব আয় না থাকায় বিয়ের পর যৌতুক ও পারিবারিক কলহ থেকে নির্যাতন, বিচ্ছেদ কিংবা স্বামীর পরিত্যাগের ঘটনা ঘটে। অনেক মেয়ে সন্তানসহ বাবার বাড়িতে ফিরে আরও অনিশ্চয়তায় পড়ে।
ইউএনএফপিএ’র ১৭ নভেম্বর ২০২৬ প্রকাশিত ‘ক্লাইমেট চেঞ্জ অ্যাজ আ থ্রেট মাল্টিপ্লায়ার ফর চাইল্ড ম্যারেজ ইন বাংলাদেশ’ শীর্ষক পর্যালোচনায় ১৫টি গবেষণা বিশ্লেষণ করা হয়েছে। এতে বলা হয়েছে, জলবায়ু পরিবর্তন ও বাল্যবিয়ের মধ্যে সব ক্ষেত্রে সরাসরি কার্যকারণ সম্পর্ক প্রতিষ্ঠা করা যায় না। তবে জলবায়ু অভিঘাত দারিদ্র্য, জীবিকার অনিশ্চয়তা ও সামাজিক চাপ বাড়িয়ে আগে থেকেই থাকা বৈষম্যকে তীব্র করে; ফলে পরিবারগুলো মেয়ের বিয়েকে সংকট মোকাবিলার উপায় হিসেবে দেখতে পারে।
ইউনেস্কোর ২৬ অক্টোবর ২০২৬ প্রকাশিত ‘‘জলবায়ু সংকটে বাস্তুচ্যুত পরিবারের মেয়েদের কী হয়’’ শীর্ষক নিবন্ধ অনুযায়ী, ২০১৬ থেকে ২০২২ সাল পর্যন্ত আবহাওয়াজনিত দুর্যোগে দক্ষিণ এশিয়ায় আনুমানিক ১ কোটি ৫৬ লাখ শিশুর স্থানচ্যুতির ঘটনা ঘটেছে। বাংলাদেশে এ ধরনের ঘটনা ৩৯ লাখের বেশি। এই সংখ্যা স্বতন্ত্র শিশুর সংখ্যা নয়; একই শিশু একাধিকবার স্থানচ্যুত হলে প্রতিবারই তা হিসাবে আসতে পারে।এক্ষেত্রে বাস্তুচ্যুতির মাত্রাও উদ্বেগজনক। কারণ বাস্তুচ্যুতির পর নতুন এলাকায় আশ্রয় নেওয়া পরিবারগুলোর পরিচিত সামাজিক সহায়তা, শিক্ষা ও স্বাস্থ্যসেবায় প্রবেশাধিকার ব্যাহত হতে পারে। মেয়েদের নিরাপত্তা নিয়ে উদ্বেগও বাড়ে। এসব চাপ একসঙ্গে কাজ করলে অল্প বয়সে বিয়ের সিদ্ধান্তের ঝুঁকি তৈরি হয়। জলবায়ু সংকট তাই বাল্যবিয়ের একমাত্র কারণ না হলেও বিদ্যমান সংকটকে আরও গভীর করে তুলছে।
এ প্রসঙ্গে পদ্মপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আমজাদুল ইসলাম বলেন, বারবার ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, নদীভাঙন, লবণাক্ততা ও জীবিকার সংকটে নাজেহাল উপকূলের মানুষ। ঘরবাড়ি, আশ্রয় ও আয় হারিয়ে ছেলেমেয়েদের আর স্কুলে পাঠাতে পারে না। সেই সঙ্গে নিরাপত্তার অভাবেও অভিভাবকেরা মেয়েদের দ্রুত বিয়ে দিতে উৎসাহিত হন।
আইনের ফাঁক ও প্রয়োগের দুর্বলতা
বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ অনুযায়ী, মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স ১৮ এবং ছেলেদের ২১ বছর। আইনটি বাল্যবিবাহকে আমলযোগ্য, জামিনযোগ্য ও আপস-অযোগ্য অপরাধ হিসেবে চিহ্নিত করেছে; রয়েছে সংক্ষিপ্ত বিচারের বিধান, অপরাধে জড়িত প্রাপ্তবয়স্ক, অভিভাবক, বিয়ে সম্পাদনকারী ও নিবন্ধকের বিরুদ্ধে শাস্তি, ক্ষতিপূরণ এবং বিয়ে বন্ধে আদালতের নিষেধাজ্ঞার ব্যবস্থা। জাতীয় থেকে ইউনিয়ন পর্যায়ে প্রতিরোধ কমিটি গঠনের বিধানও রয়েছে। তবু আইনটির কয়েকটি দুর্বলতা মেয়েদের সুরক্ষা সীমিত করছে। ২০২৬ সালের অক্টোবরে প্রকাশিত ইউএনএফপিএ–ইউনিসেফের যৌথ আইন পর্যালোচনায় এসব ঘাটতি চিহ্নিত করা হয়েছে।
যৌথ আইন পর্যালোচনায় বলা হয়েছে, সবচেয়ে বিতর্কিত বাল্যবিবাহ নিরোধ আইনের ১৯ ধারা। এতে ‘বিশেষ পরিস্থিতিতে’ অপ্রাপ্তবয়স্কের সর্বোত্তম স্বার্থে আদালতের নির্দেশ এবং মা-বাবা বা অভিভাবকের সম্মতিতে বিয়ের সুযোগ রাখা হয়েছে। কিন্তু ‘বিশেষ পরিস্থিতি’র স্পষ্ট সংজ্ঞা নেই, সর্বনিম্ন বয়সও নির্ধারণ করা হয়নি। মূল্যায়ন কমিটি ধর্ষণ, জবরদস্তি বা অপহরণের মতো পরিস্থিতিতে আবেদন প্রত্যাখ্যানের সুপারিশ করলেও আদালত সেই মতামত মানতে বাধ্য নয়। আইনের আরেকটি বড় সীমাবদ্ধতা হলো, বাল্যবিবাহে জড়িত ব্যক্তিদের শাস্তির বিধান থাকলেও বিয়েটিকে স্বয়ংক্রিয়ভাবে বাতিল ঘোষণা করা হয়নি। ভুক্তভোগী মেয়ের নিজের উদ্যোগে বিয়ে বাতিলের সরাসরি পথও আইনে নেই। বিয়ে নিবন্ধনের ক্ষেত্রেও আইনগত দুর্বলতা রয়েছে। যৌথ পর্যালোচনায় নোটারির মাধ্যমে হলফনামা করে ‘কোর্ট ম্যারেজ’ হয়েছে বলে প্রচলিত ধারণার কথাও তুলে ধরা হয়েছে। এ ধরনের হলফনামা বিয়ের আনুষ্ঠানিক নিবন্ধনের বিকল্প নয়; কিন্তু অনেকে একে বৈধ বিয়ের প্রমাণ মনে করেন। এতে বয়স যাচাই এড়িয়ে যাওয়ার সুযোগ তৈরি হতে পারে। এ ছাড়া আইন প্রয়োগেও রয়েছে জটিলতা। স্থানীয় বাল্যবিবাহ প্রতিরোধ কমিটি অনেক জায়গায় নিষ্ক্রিয় আছে। কোথাও প্রতিরোধ জোরদার হলে পরিবার পাশের এলাকায় গিয়ে বিয়ের আয়োজন করে। ফলে আইন থাকলেও সব ক্ষেত্রে সময়মতো বিয়ে বন্ধ করা এবং ভুক্তভোগীকে সুরক্ষা দেওয়া সম্ভব হচ্ছে না।
বাল্যবিবাহ বন্ধে আইনি সীমাবদ্ধতা দূর, দারিদ্র্য ও জলবায়ুজনিত ঝুঁকি মোকাবিলা এবং জাতীয় কর্মপরিকল্পনার কার্যকর বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন ইউএনএফপিএর বাংলাদেশ প্রতিনিধি ক্যাথরিন ব্রিন কামকং। তিনি মেয়েদের উচ্চমাধ্যমিক শিক্ষা অব্যাহত রাখা, বিনামূল্যে ও সহজলভ্য স্বাস্থ্যসেবা এবং কিশোর-কিশোরীদের যৌন ও প্রজননস্বাস্থ্যসেবা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন। একই সঙ্গে বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭-এর ফাঁকফোকর বন্ধ করে মেয়েদের নিরাপত্তা ও নিজেদের ভবিষ্যৎ নির্ধারণের অধিকার সুরক্ষার আহ্বান জানান।
তিনি শিক্ষাক্রমে প্রজননস্বাস্থ্য ও পারস্পরিক শ্রদ্ধাবোধ অন্তর্ভুক্ত, কারিগরি প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সঙ্গে শিক্ষার সমন্বয় এবং উদীয়মান খাতে মেয়েদের সুযোগ সৃষ্টির সুপারিশ করেন। পাশাপাশি অভিভাবক, সমাজ ও ধর্মীয় নেতাদের সম্পৃক্ত করা, অপ্রাপ্তবয়স্কদের বিয়ে নিবন্ধন ঠেকাতে কাজিদের কার্যক্রম কঠোরভাবে তদারকি এবং গণমাধ্যমে মেয়েদের অধিকার ও বাল্যবিবাহের ক্ষতিকর প্রভাব তুলে ধরার আহ্বান জানান। ক্যাথরিন বাল্যবিবাহ নির্মূলে সরকার ও সমাজের সর্বস্তরের সমন্বিত উদ্যোগ এবং জোরালো সামাজিক আন্দোলনের উপর জোর দেন।
বিয়ে ঠেকানোর পরও মেয়েদের পাশে থাকতে হবে
বাল্যবিয়ে রোধে শুধু বিয়ের আয়োজন বন্ধ করলেই দায়িত্ব শেষ হয় না। যে মেয়েটির বিয়ে ঠেকানো হলো, তার নিরাপত্তা, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও মানসিক সুস্থতা নিশ্চিত না হলে পরিবার আবারও বিয়ের সিদ্ধান্ত নিতে পারে।
বাল্যবিয়ে ঠেকানোর পর মেয়েটির কী হলো, সেটিও নিয়মিত মনিটরিং করা হয় না বলে স্বীকার করেন উপপরিচালক নাজমুন নাহার।
তিনি বলেন, বর্তমান বাস্তবতায় বিয়ে ঠেকানোই প্রতিরোধের শেষ ধাপ হয়ে থাকছে; মেয়েটির শিক্ষা, নিরাপত্তা ও ভবিষ্যৎ নিশ্চিত করার দায়িত্ব অনেক সময় অনিশ্চিত থেকে যাচ্ছে। তাই আইন সংস্কারের পাশাপাশি প্রতিরোধ কমিটিকে কার্যকর করা, জন্ম ও বিবাহ নিবন্ধনব্যবস্থা শক্তিশালী করা, বিয়ে ঠেকানোর পর মেয়েদের নিয়মিত মনিটরিং এবং নিরাপদ আশ্রয়, আইনি সহায়তা ও মনোসামাজিক সেবা নিশ্চিত করাও জরুরি।
এ প্রসঙ্গে ব্রেকিং দ্য সাইলেন্সের সাতক্ষীরা জেলা প্রধান শরিফুল ইসলাম বলেন, মেয়েদের নিরাপত্তা নিশ্চিত করার সামাজিক ও প্রাতিষ্ঠানিক দায়িত্ব যখন পরিবার একা বহন করতে বাধ্য হয়, তখন বিয়ে অনেকে নিরাপত্তার বিকল্প বলে মনে করছে। জলবায়ু ঝুঁকিপূর্ণ এলাকায় জীবিকা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত না করলে বাল্যবিয়ে রোধ কঠিন হবে।
মাঠপর্যায়ের অভিজ্ঞতা, গবেষণা ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের বক্তব্য বলছে, ২০৩০ সালের অঙ্গীকার পূরণ করতে শুধু বাল্যবিয়ে ঠেকানো নয়, বিয়ে ঠেকানোর পরও মেয়েদের শিক্ষা, নিরাপত্তা, স্বাস্থ্য ও ভবিষ্যৎ নিশ্চিত করতে হবে। নইলে বিয়ের আয়োজন বন্ধ হলেও বাল্যবিয়ের চক্র থেকে মেয়েদের মুক্তি মিলবে না।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]