পদত্যাগ করলেন মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৬, ২১:৪৬
পদত্যাগ করলেন মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অঅ-অ+

দুর্নীতির অভিযোগ ওঠার পর পদত্যাগের ঘোষণা দিয়েছেন মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট উখনা খুরেলসুখ। দেশটির প্রধান বিরোধীদল ডেমোক্রেটিক পার্টি খুরেলসুক ও তার দলের শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলার পর তিনি এই সিন্ধান্ত নিয়েছেন।


দেশটির সরকারি সংবাদ সংস্থা মন্টসামে জানিয়েছে, মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতির উদ্দেশে দেওয়া ভাষণে খুরেলসুখ জানান, অভিযোগের তদন্তের স্বার্থে দায়িত্ব ছেড়ে দিতে রাজি হয়েছেন। তবে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন তিনি।


খুরেলসুখ বলেন, ‘ডেমোক্রেটিক পার্টি বলেছে যে সত্য প্রতিষ্ঠার জন্য আমার পদত্যাগ করা উচিত। আমি এতে সম্মত। তাই আমি মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট হিসেবে আমার দায়িত্ব হস্তান্তর করব। আমার বিরুদ্ধে তদন্ত করা হবে এবং আমার সম্মান পুনরুদ্ধার করা হবে।’


বার্তা সংস্থা এপির প্রতিবেদনে বলা হয়, ২০১৯ সালে একটি সরকারি রেল প্রকল্পের চুক্তি নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছে খুরেলসুখের বিরুদ্ধে। সে সময় তিনি দেশটির প্রধানমন্ত্রী ছিলেন।


অভিযোগে বলা হয়েছে, প্রতিযোগিতামূলক দরপত্র ছাড়াই ২০১৯ সালে তাভানতোলগোই-গাশুনসুখাইত রেলপথ নির্মাণের কাজ বডি ইন্টারন্যাশনাল নামের একটি বড় ব্যবসাপ্রতিষ্ঠানকে দেওয়া হয়েছিল। ওই চুক্তির বিনিময়ে ২৫ মিলিয়ন ডলার ঘুষ নিয়েছিলেন খুরেলসুখ।


তবে বডি ইন্টারন্যাশনাল ঘুষ দেওয়ার অভিযোগ অস্বীকার করে বলেছে, তাদের বিরুদ্ধে আনা অভিযোগ মানহানিকর।


এই অভিযোগে আরও দুই জ্যেষ্ঠ কর্মকর্তার নাম এসেছে। তারা হলেন বিচার ও স্বরাষ্ট্রবিষয়ক উপমন্ত্রী মুনখ-এরদেনে দেম্বেরেলতসেরেন এবং মন্ত্রিপরিষদ সচিবালয়ের প্রধান এনখবায়ার বাতুম্বুর। মঙ্গলবার তারাও পদত্যাগের ঘোষণা দিয়েছেন।


প্রসঙ্গত, মঙ্গোলিয়ার সংবিধান অনুযায়ী- প্রেসিডেন্টের পদত্যাগের ঘোষণা দিলেই তা কার্যকর হবে না। মধ্য এশিয়ার দেশটির ১২৬ সদস্যের এককক্ষবিশিষ্ট পার্লামেন্ট স্টেট গ্রেট খুরালের অনুমোদন প্রয়োজন হবে। পদত্যাগ গৃহীত হলে পার্লামেন্টের স্পিকার অন্তর্বর্তী প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন বলে বিভিন্ন প্রতিবেদনে জানানো হয়েছে।


২০২১ সালে মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হন খুরেলসুখ। তার পদত্যাগের ঘোষণা দেশটির ক্ষমতাসীন দলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও দুর্নীতির অভিযোগকে নতুন করে সামনে এনেছে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com