নভেম্বরের ১৬ দিনে রেমিট্যান্স এলো ১৯৬ কোটি ডলার
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৬, ২১:৪২
নভেম্বরের ১৬ দিনে রেমিট্যান্স এলো ১৯৬ কোটি ডলার
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অঅ-অ+

দেশে চলতি নভেম্বর মাসের প্রথম ১৬ দিনে ১৯৬ কোটি ৪০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। গত বছরের একই সময়ের তুলনায় প্রবাসী আয়ে প্রবৃদ্ধি হয়েছে ১৫ দশমিক ৮ শতাংশ। এ সময়ে গত বছরের চেয়ে ২৬ কোটি ৭০ লাখ ডলার বেশি রেমিট্যান্স এসেছে।


মঙ্গলবার (১৭ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ থেকে ১৬ নভেম্বর পর্যন্ত দেশে রেমিট্যান্স এসেছে ১৯৬ কোটি ৪০ লাখ ডলার। গত বছরের একই সময়ে এসেছিল ১৬৯ কোটি ৭০ লাখ ডলার। সে হিসাবে এক বছরের ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ২৬ কোটি ৭০ লাখ ডলার।


বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে) চলতি মাসের প্রথম ১৬ দিনে আসা রেমিট্যান্সের পরিমাণ ২৪ হাজার ১৫৭ কোটি ২০ লাখ টাকা।


চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাস ১৬ দিনে (১ জুলাই থেকে ১৬ নভেম্বর) দেশে মোট রেমিট্যান্স এসেছে এক হাজার ৩৪৩ কোটি ডলার। আগের অর্থবছরের একই সময়ে এসেছিল এক হাজার ১৮৪ কোটি ৬০ লাখ ডলার। সে হিসাবে অর্থবছরের শুরু থেকে এ পর্যন্ত প্রবাসী আয়ে প্রবৃদ্ধি হয়েছে ১৩ দশমিক ৪ শতাংশ।


এর আগে সদ্য বিদায়ী অক্টোবর মাসে দেশে ২৮৭ কোটি ৩৬ লাখ ৩০ হাজার ডলারের রেমিট্যান্স এসেছিল। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ছিল ৩৫ হাজার ৩৪৫ কোটি ২৮ লাখ টাকা। সেপ্টেম্বরে এসেছিল ২৭৬ কোটি ৬০ লাখ ডলার।


চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে দেশে রেমিট্যান্স আসে ২৮৫ কোটি ৮৭ লাখ ৬০ হাজার ডলার। পরের মাস আগস্টে আসে ২৯৬ কোটি ৬৬ লাখ ৮০ হাজার ডলার।


এর আগে ২০২৫-২৬ অর্থবছরে দেশে মোট ৩৫ দশমিক ৫৮ বিলিয়ন ডলারের রেমিট্যান্স এসেছিল। ২০২৪-২৫ অর্থবছরে এসেছিল ৩০ দশমিক ৩২ বিলিয়ন ডলার।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com