স্বাস্থ্য সচিব
দেশের ১০ স্থানে ডেঙ্গুর হটস্পট, রেড জোনে চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৬, ১৮:৫৪
দেশের ১০ স্থানে ডেঙ্গুর হটস্পট, রেড জোনে চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

থেমে থেমে ঘন ঘন বৃষ্টিপাতের কারণে এ বছর ডেঙ্গুর প্রকোপ বেড়েছে। দেশের আট থেকে ১০টি হটস্পটের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ অন্যতম। জেলাটিকে রেড জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. আ.ন.ম. বজলুর রশীদ । অক্টোবরের মধ্যেই ডেঙ্গু পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে বলেও আশা প্রকাশ করেছেন তিনি।


বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন স্বাস্থ্য সচিব।


তিনি বলেন, হঠাৎ করে ডেঙ্গু পরিস্থিতির অবনতি হয়নি। গত বছর ও তার আগের বছরেও ব্যাপকসংখ্যক মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। হাসপাতালে আসা রোগীদের যথাযথ চিকিৎসা দেওয়া হচ্ছে। ওষুধ, স্যালাইনসহ প্রয়োজনীয় সরঞ্জামের সরবরাহও রয়েছে। তবে আক্রান্ত হওয়ার আগেই সবাইকে সচেতন হতে হবে।


স্বাস্থ্য সচিব বলেন, ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দেশব্যাপী বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চলছে। যেসব এলাকায় ডেঙ্গুর প্রকোপ বেশি, সেসব এলাকা নিয়মিত পরিদর্শন করা হচ্ছে। দেশের আট থেকে ১০টি হটস্পটের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ অন্যতম। জেলাটিকে রেড জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে। বৃহস্পতিবারও জেলা হাসপাতালে দেড় শতাধিক ডেঙ্গু রোগী ভর্তি ছিলেন।


তিনি আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই। বাড়ির আশপাশ পরিষ্কার রাখতে হবে, কোথাও যেন বৃষ্টির পানি জমে না থাকে, সেদিকে খেয়াল রাখতে হবে। বাড়ি ও হাসপাতালে সবার মশারি ব্যবহার নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন তিনি।


হাসপাতাল পরিদর্শনের সময় রান্নাঘরের অপরিচ্ছন্ন পরিবেশ দেখে দুঃখ প্রকাশ করেন স্বাস্থ্য সচিব। তিনি জানান, জেলা হাসপাতালসহ জেলার পাঁচটি উপজেলা হাসপাতালের রান্নাঘর আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হবে। কাঠের খড়ির পরিবর্তে গ্যাসে রান্নার ব্যবস্থা করা হবে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com