
নরসিংদীর মাধবদীতে একটি কারখানায় বয়লার বিস্ফোরণের ঘটনায় পাঁচ শ্রমিক দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। দগ্ধদের মধ্যে দুজনের শরীরের বড় অংশ পুড়ে যাওয়ায় তাঁদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়েছে।
দগ্ধ শ্রমিকেরা হলেন- জামাল (৩৮), টিপু (৪৫), ফয়সাল (২৫), রুবেল (৩৫) ও শাহজাহান (৩০)।
বুধবার (২১ অক্টোবর) রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. হারুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, নরসিংদীর মাধবদী এলাকা থেকে আজ রাতের দিকে দগ্ধ অবস্থায় পাঁচ শ্রমিককে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে জামালের শরীরের ৬০ শতাংশ, টিপুর ৯০ শতাংশ, ফয়সালের ২৫ শতাংশ, রুবেলের ৮ শতাংশ এবং শাহজাহানের ৪ শতাংশ পুড়ে গেছে।
ডা. হারুনুর রশিদ আরও বলেন, শরীরের বেশি অংশ দগ্ধ হওয়ায় টিপু ও জামালকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়েছে।
বাকি তিনজনকে জরুরি বিভাগের অবজারভেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে বলেও জানান তিনি। তবে বয়লার বিস্ফোরণের কারণ এবং ঘটনার বিস্তারিত সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।
বিবার্তা/কামাল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]