ধর্মের ভিত্তিতে রাজনীতি সরকার বিশ্বাস করে না : স্বরাষ্ট্রমন্ত্রী
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৬, ০১:১০
ধর্মের ভিত্তিতে রাজনীতি সরকার বিশ্বাস করে না : স্বরাষ্ট্রমন্ত্রী
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অঅ-অ+

ধর্মের ভিত্তিতে রাজনীতি বা কাউকে ভোটব্যাংক হিসেবে বিবেচনা করার রাজনীতিতে সরকার বিশ্বাস করে না বলে জানিয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।


মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে চট্টগ্রাম নগরের জে এম সেন হল প্রাঙ্গণে বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদ চট্টগ্রাম মহানগরের পূজামণ্ডপে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।


স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সবার আগে পরিচয় বাংলাদেশি নাগরিক, এরপর যার যার ধর্মীয় পরিচয়। আমরা এমন একটি বাংলাদেশ চেয়েছিলাম, যেখানে কোনো বৈষম্য থাকবে না। শহীদ মুক্তিযোদ্ধারাও এমন একটি বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন, যেখানে ধর্মীয় সম্প্রীতি থাকবে। আমরা ধর্মের ভিত্তিতে কোনো বিভাজন চাই না। সবাই বাংলাদেশের নাগরিক। এই পরিচয়ই সবার আগে অনুধাবন করতে হবে।


তিনি বলেন, ২০২৪ সালের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানেও সব ধর্মের মানুষ রক্ত দিয়েছেন। সেই অভ্যুত্থানের পর দেশে বৈষম্যহীন সংস্কৃতি প্রতিষ্ঠার প্রত্যাশা তৈরি হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান সেই সংস্কৃতির নেতৃত্ব দিচ্ছেন। ধর্মের ভিত্তিতে রাজনীতি বা কাউকে ভোটব্যাংক হিসেবে বিবেচনা করার রাজনীতিতে সরকার বিশ্বাস করে না।


সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে সালাহউদ্দিন আহমদ বলেন, আপনারা কারও ভোটব্যাংক হবেন না। আপনারা বাংলাদেশের নাগরিক। এ দেশের স্বাধীনতা, সাংবিধানিক অধিকার ও গণতান্ত্রিক অধিকার অন্য সব নাগরিকের মতো আপনাদেরও রয়েছে। ধর্মীয় আচার-অনুষ্ঠান, উপাসনা ও সংস্কৃতি পালনে সবার সমান অধিকার।


দুর্গাপূজায় সরকারি বরাদ্দ, নিরাপত্তা ও ছুটির বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এবার পূজামণ্ডপের সংখ্যা, বরাদ্দ ও নিরাপত্তার ক্ষেত্রে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার উদ্যোগ রয়েছে। পূজার ছুটি বাড়ানোর দাবি প্রধানমন্ত্রী বিবেচনা করেছেন। ভবিষ্যতে প্রয়োজন অনুযায়ী নির্বাহী আদেশে ছুটি দেওয়ার বিষয়টিও বিবেচনা করা হবে। তবে অন্য ধর্মাবলম্বীদের ছুটির দাবিসহ সবকিছু সামঞ্জস্য রেখে সিদ্ধান্ত নিতে হয়।


সনাতন ধর্মাবলম্বীদের সম্পত্তি দখল ও নির্যাতনের ঘটনাগুলোর বিচার এবং বেদখল সম্পত্তি উদ্ধারে সরকার কাজ করবে বলেও জানান তিনি।


ঢাকেশ্বরী মন্দিরের জমি উদ্ধারের প্রসঙ্গ তুলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দখল হয়ে থাকা সম্পত্তি উদ্ধারে সরকার উদ্যোগ নেবে। এ বিষয়ে সরকারের ওপর আস্থা রাখার আহ্বান।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com