ওয়াল স্ট্রিট জার্নালের রিপোর্ট
হুতিদের হামলা বাড়ছে: সৌদি যুবরাজের জন্য তৈরি বাংকার
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৬, ১১:২৪
হুতিদের হামলা বাড়ছে: সৌদি যুবরাজের জন্য তৈরি বাংকার
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অঅ-অ+

সৌদি আরবে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। ইরান সমর্থিত ইয়েমেনি এই সশস্ত্র গোষ্ঠীর হামলা তীব্র হওয়ায় সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে নিরাপত্তার জন্য এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে সরিয়ে নেয়া হচ্ছে। এমনকি ৪১ বছর বয়সী এই যুবরাজ জনসমক্ষেও আসছেন না। অত্যন্ত সুরক্ষিত প্রাসাদগুলোতে তৈরি করা হয়েছে বাংকারও।


যুবরাজ মোহাম্মদ বিন সালমানের এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে ছুটে বেড়ানোর বিষয়ে এই তথ্য সামনে এনেছে সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল। প্রভাবশালী মার্কিন এই সংবাদমাধ্যমটি বলছে, সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে সর্বশেষ মঙ্গলবার জনসমক্ষে দেখা গিয়েছিল। সেদিন জাতীয় রক্তদান কর্মসূচিতে রক্ত দিয়েছিলেন তিনি। এরপর থেকে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলা তীব্র হওয়ায় তাকে এক সুরক্ষিত প্রাসাদ থেকে অন্য প্রাসাদে সরিয়ে নেয়া হচ্ছে বলে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে।


মূলত গত সপ্তাহে রক্ত দেয়ার পর থেকে ৪১ বছর বয়সী এই যুবরাজ আর জনসমক্ষে আসেননি। তার চলাফেরা সম্পর্কে অবগত কর্মকর্তাদের বরাত দিয়ে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, হুতিদের জোরালো হামলার মধ্যে তাকে এখন এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে নেয়া হচ্ছে। এসব প্রাসাদে কঠোর নিরাপত্তাব্যবস্থা রয়েছে এবং বাংকারও তৈরি করা হয়েছে।


সৌদি আরব ও ইয়েমেনের হুতি বিদ্রোহীদের মধ্যে সংঘাত তীব্র হয়ে ওঠার পাশাপাশি নিরাপত্তাঝুঁকি বাড়ছে। এ পরিস্থিতিতে যুবরাজের নিরাপত্তায় তার জন্য বাছাই করা একটি বিশেষ নিরাপত্তা দলও নিয়োজিত রয়েছে।


এর মধ্যে গত শনিবার গত এক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ হামলার মুখে পড়ে সৌদি আরব। রাজধানী রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের অন্তত একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এতে দুই বাংলাদেশিসহ অন্তত ১৩ জন নিহত এবং আরও ৩০০ জনেরও বেশি মানুষ আহত হন। আহতদের অনেকের অবস্থা গুরুতর।


হামলার বিষয়ে অবহিত কর্মকর্তাদের বরাত দিয়ে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, ইরান যুদ্ধের সঙ্গে সংশ্লিষ্ট সংঘাতগুলোতে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় অঞ্চলে তাদের মিত্রদের ওপর চালানো হামলার মধ্যে এটিই ছিল এককভাবে সবচেয়ে প্রাণঘাতী হামলা।


কর্মকর্তারা জানান, হামলায় ২৮ বছর বয়সী এক মিশরীয় নারী ফ্লাইট অ্যাটেনডেন্টের একটি হাত বিচ্ছিন্ন হয়ে যায়। অতিরিক্ত রক্তক্ষরণে পরে তার মৃত্যু হয়। হামলায় অঙ্গহানি হওয়া কয়েকজনের মধ্যে তিনি ছিলেন একজন।


ভয়াবহ সেই ক্ষেপণাস্ত্র হামলার পর থেকে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ রয়েছে। গত পাঁচ দিনে বিমানবন্দরটিতে চারবার হামলা হয়েছে। হামলার ভয়াবহতা বিবেচনায় সৌদি আরবের জ্বালানিমন্ত্রী প্রিন্স আবদুল আজিজ বিন সালমান সতর্ক করে বলেছেন, এর জবাবও ‘সমানভাবে কঠোর’ হবে।


যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, হুতিদের ওপর সৌদি আরবের হামলায় যুক্ত হওয়ার বিষয়টি তিনি বিবেচনা করছেন। মক্কা চুক্তির আওতায় সৌদি আরবের মিত্ররাও রিয়াদের প্রতি সমর্থন জানিয়েছে।


মূলত সৌদি আরব ও হুতিদের মধ্যে দীর্ঘদিন ধরে তীব্র গৃহযুদ্ধ চলছে। ২০২২ সালে দুই পক্ষের মধ্যে একটি ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল। তবে এ বছরের জুলাইয়ে সেই চুক্তি ভেঙে পড়ে। ইরান থেকে আসা একটি বিমান সানার বিমানবন্দরে অবতরণের চেষ্টা করার সময় সৌদি বাহিনী সেখানে হামলা চালিয়েছে—এমন অভিযোগ তুলে হুতিরা আবার হামলা শুরু করে।


ইরানের সমর্থনপুষ্ট হুতিরা মধ্যপ্রাচ্যে তেহরানের সবচেয়ে ভারী অস্ত্রসজ্জিত সমর্থক গোষ্ঠীগুলোর অন্যতম। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, ‘আরব উপদ্বীপের পরিস্থিতির সাম্প্রতিক পরিবর্তন নিয়ে তেহরান গভীরভাবে উদ্বিগ্ন’। তিনি আরও বলেন, এই সংঘাত ‘শুধু ইসরায়েলি শাসকগোষ্ঠীকেই লাভবান করবে’।


এর আগে গত রোববার গভীর রাতে সৌদি আরব ও ইরানের পররাষ্ট্রমন্ত্রীরা সংঘাতের বিস্তার নিয়ে কথা বলেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, তিনি সামরিক পন্থার ওপর জোর দেয়া এবং রাজনৈতিক পরিস্থিতি উপেক্ষা করার বিরুদ্ধে সতর্ক করেছেন। সৌদি আরব ও হুতিদের মধ্যে সংলাপ শুরু করতে তেহরান সহায়তা করবে বলেও জানান তিনি।


প্রসঙ্গত, ২০১৫ সালে সৌদি আরব ও হুতিদের মধ্যে সংঘাত শুরু হয়। ওই বছর ইয়েমেনের গৃহযুদ্ধে দেশটির সরকারকে সমর্থন দিতে যুদ্ধে জড়ায় সৌদি আরব।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com