
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশে জরুরি অবস্থা জারির পর সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দলের কয়েকজন নেতাকে আটক করা হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) দেশটির কেন্দ্রীয় সরকার এ তথ্য জানিয়েছে।
রয়টার্স জানায়, রবিবার পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি প্রদেশটিতে জরুরি অবস্থা ঘোষণা করেন। একই সঙ্গে স্থগিত করা হয় প্রাদেশিক সরকার। ইমরান খানের ঘনিষ্ঠ সহযোগী সোহেল আফ্রিদির নেতৃত্বে ওই সরকার চলছিল।
কেন্দ্রীয় সরকারের দাবি, প্রদেশটিতে ইসলামপন্থী সশস্ত্র গোষ্ঠীগুলোর তৎপরতা নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়ায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
খাইবার পাখতুনখোয়া প্রদেশের সঙ্গে আফগানিস্তানের সীমান্ত রয়েছে।
তবে ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সরকারের এই দাবি প্রত্যাখ্যান করেছে। দলটির অভিযোগ, ইমরান খানের মুক্তির দাবিতে সমর্থকরা যাতে রাজধানী ইসলামাবাদে মিছিল নিয়ে যেতে না পারেন, সে জন্যই জরুরি শাসন জারি করা হয়েছে। ওই মিছিলের মাধ্যমে সরকারের ওপর চাপ সৃষ্টি করতে চেয়েছিলেন তারা।
প্রাদেশিক সরকার স্থগিত ও জরুরি শাসন জারির ঘটনায় ৭৪ বছর বয়সি সাবেক ক্রিকেট তারকা ইমরান খানের সঙ্গে পাকিস্তানের প্রভাবশালী সামরিক বাহিনীর বিরোধ আরো বেড়েছে।
ইমরান খানের সমর্থকরা কয়েক দিন ধরে খাইবার পাখতুনখোয়া প্রদেশে সমাবেশ করেছেন। এক সপ্তাহ ধরে চলা এসব কর্মসূচির পর জরুরি শাসন জারি করা হয়। সমর্থকদের পরিকল্পনা ছিল, ইমরানের মুক্তি ও চিকিৎসার দাবিতে মিছিল নিয়ে ইসলামাবাদে যাওয়া।
পাকিস্তানের মন্ত্রী তালাল চৌধুরী বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, মুখ্যমন্ত্রী ও তার মন্ত্রিসভার কয়েকজন সদস্যকে আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আটক করা হয়েছে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]