কুষ্টিয়ায় সাংবাদিক দেবাশীষ দত্তসহ পরিবারের চার সদস্যের শেষকৃত্য ও দাফন সম্পন্ন
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৬, ১৩:৫৪
কুষ্টিয়ায় সাংবাদিক দেবাশীষ দত্তসহ পরিবারের চার সদস্যের শেষকৃত্য ও দাফন সম্পন্ন
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

কলকাতার নিউমার্কেট এলাকার মির্জা গালিব স্ট্রিটের হোটেল শিখা ইনে ভয়াবহ অগ্নিকান্ডে নিহত কুষ্টিয়ার সাংবাদিক দেবাশীষ দত্তের পরিবারের চার সদস্যের শেষকৃত্য ও দাফন সম্পন্নহয়েছে। মৃত্যুর ৯২ ঘণ্টা পর গতকাল শনিবার রাত সাড়ে ১০টায় তাদের লাশ কুষ্টিয়ার নিজ বাড়িতে পৌঁছানোর পর পরিবারের সদস্য, স্বজন, সহকর্মী সাংবাদিক ও স্থানীয়দের উপস্থিতিতে শেষকৃত্য ও দাফন অনুষ্ঠিত হয়।


শনিবার (২২ আগস্ট) দিবাগত রাত দেড়টায় সাংবাদিক দেবাশীষ দত্ত ও তার শিশুপুত্র শর্ণশীষ দত্তের লাশ কুষ্টিয়া কেন্দ্রীয় মহাশ্মশানে মুখাগ্নি করে সমাধিস্থ করা হয়। অন্যদিকে দেবাশীষের স্ত্রী আফসানা শারমিন মনিসা ও শ্বশুর আকরাম হোসেনের মরদেহ কুষ্টিয়া শহরের কুঠিপাড়ায় মডেল মসজিদে নিয়ে সেখানে জানাযা শেষে তাদের রাত সাড়ে ৩ টায় কুষ্টিয়া পৌর গোরস্থানে দাফন করা হয়।


এদিকে শনিবার রাত সাড়ে ১০টায় চারজনের লাশ আড়ুয়াপাড়া বাহাদুর আলী বিশ্বাস সড়কের নিজ বাসায় পৌঁছালে এলাকায় শোকের ছায়া নেমে আসে। একসাথে পরিবারের চার সদস্যের নিথর দেহ দেখে স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে পরিবেশ। স্বজনদের চিৎকার ও আহাজারিতে উপস্থিত সকলেই অশ্রুসিক্ত হয়ে পড়েন। সাংবাদিক দম্পতির একমাত্র কন্যা পাখি বাবা-মা, ছোট ভাই ও নানুর লাশ দেখে কান্নায় ভেঙে পড়ে।


কয়েক দিন ধরে বাবা-মায়ের ফেরার অপেক্ষায় থাকা শিশুটি জানতো, তারা তার জন্য খেলনা, চকলেট ও জামাকাপড় নিয়ে ফিরবে। কিন্তু তারা ফিরেছেন নিথর দেহে। লাশগুলোর অবস্থা এতটাই ভয়াবহ ছিল যে স্বজনদের অনেকেই শেষবারের মতো মুখও দেখতে পারেননি। এসময় মানুষের ভিড়ে অস্বাভাবিক
পরিস্থিতির সৃষ্টি হয়।


এর আগে শনিবার সকালে কুষ্টিয়ার একদল সাংবাদিক যশোরের বেনাপোল সীমান্তে সহকর্মীর লাশ গ্রহণ করতে যান। স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীরাও সাংবাদিক পরিবারকে শেষবারের মতো দেখতে যান। জেলা প্রশাসনের পক্ষ থেকে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হারুন-অর রশিদ নিহতদের পরিবারের হাতে সৎকার ও দাফনের জন্য জনপ্রতি ২৫ হাজার টাকা করে তুলে দেন। উল্লেখ্য, দেবাশীষ দত্ত তার স্ত্রী আফসানা শারমিন মনিসা, শিশুপুত্র শর্ণশীষ ও শ্বশুর আকরাম হোসেনকে নিয়ে গত ৩ আগস্ট ভারতের বেঙ্গালুরুতে যান। সেখানে নারায়ণা হাসপাতালেচিকিৎসা শেষে ১৮ আগস্ট (মঙ্গলবার) বিমানযোগে কলকাতায় পৌঁছে রাত্রিযাপনের জন্য মির্জা গালিব স্ট্রিটের শিখা ইন হোটেলে ওঠেন তারা। পরদিন ১৯ আগস্ট (বুধবার) তাদের কুষ্টিয়ায় ফেরার কথা ছিলো। কিন্তু ১৮ আগস্ট মধ্যরাতে হোটেলটিতে এসি বিস্ফোরণে সৃষ্ট ভয়াবহ অগ্নিকান্ডে তারা সকলেই নিহত হন। নিহত সাংবাদিক দেবাশীষ দত্ত চ্যানেল নাইন ও জাতীয় দৈনিক আজকের কাগজের কুষ্টিয়া জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি কুষ্টিয়া থেকে প্রকাশিত দৈনিক আজকের আলো পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ছিলেন।


নিহতদের সাথে থাকা দেবাশীষের শ্বশুর আকরাম হোসেন ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ওজোপাডিকো) কুষ্টিয়া শাখার কর্মচারী ছিলেন। ২০২০ সালে তিনি চাকুরী থেকে অবসর নেন।


বিবার্তা/শরীফুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com