মিয়ানমারে বৌদ্ধ বিহারে বিমান হামলা, নিহত ১৪
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৬, ০৯:৫৮
মিয়ানমারে বৌদ্ধ বিহারে বিমান হামলা, নিহত ১৪
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অঅ-অ+

মিয়ানমারে সাগাইং অঞ্চলের মিয়াউং শহরে একটি বৌদ্ধ বিহারে সামরিক বাহিনীর বিমান হামলায় ১৪ জন নিহত হয়েছেন। নিহতদের সবাই বয়স্ক নাগরিক বলে স্থানীয় উদ্ধারকর্মী ও বিরোধী যোদ্ধারা জানিয়েছেন। বৌদ্ধ ধর্মাবলম্বীদের বর্ষাবাস উপলক্ষে বিহারটিতে ধ্যানের আয়োজন চলছিল। এ সময় সেখানে জড়ো হওয়া লোকজনের ওপর বিমান হামলা চালানো হয়।


সংবাদমাধ্যম বিবিসি বলছে, স্থাপনাটিতে দুই দফা বিমান হামলা চালানো হয় বলে স্থানীয় এক উদ্ধারকর্মী বিবিসি বার্মিজকে জানিয়েছেন। বার্তাসংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, গত শুক্রবার সাগাইং অঞ্চলের মিয়াউং শহরে হামলাটি চালানো হয়। এলাকাটি মান্দালয় শহর থেকে প্রায় ৭০ কিলোমিটার পশ্চিমে।


বৌদ্ধ ধর্মাবলম্বীদের বর্ষাবাস উপলক্ষে ধ্যানের আয়োজন করা হয়েছিল ওই বিহারে। সেখানে বেসামরিক লোকজন জড়ো হয়েছিলেন বলে জানা গেছে। তবে হামলার বিষয়ে মিয়ানমারের সামরিক বাহিনী এখনও কোনও মন্তব্য করেনি।


গণতন্ত্রপন্থি বিদ্রোহী নুয়ে উ মিয়াউং এএফপিকে জানান, নিহতদের মধ্যে ১১ জন পুরুষ ও তিনজন নারী। তাদের মধ্যে পাঁচজন একই গ্রামের বাসিন্দা। বাকি ৯ জন পাশের একটি শহরের বাসিন্দা। নুয়ে উ মিয়াউং বলেন, ‘বয়স্ক লোকজন ধ্যানকেন্দ্রগুলোতে গিয়েছিলেন’। নিহতদের বয়স ৫০ থেকে ৭০ বছরের মধ্যে বলেও জানান তিনি।


নাম প্রকাশ না করা আরেক বিরোধী যোদ্ধা জানান, হামলার পর জীবিতদের উদ্ধারে অংশ নিয়েছিলেন তিনি। তিনি বলেন, ‘আমরা যখন মানুষকে উদ্ধারের চেষ্টা করছিলাম, তখন বিমানটি আবার এসে দ্বিতীয় দফায় বোমা হামলা চালায়।’


২০২১ সালে অং সান সু চির সরকারকে উৎখাত করে সামরিক বাহিনী ক্ষমতা দখলের পর থেকেই মিয়ানমারে গৃহযুদ্ধ চলছে। এরপর থেকে দেশটিতে সামরিক শাসন জারি রয়েছে।


বেসামরিক স্থাপনায় হামলা চালানোর অভিযোগ মিয়ানমারের সামরিক বাহিনীর বিরুদ্ধে প্রায়ই ওঠে। তবে বাহিনীটি এর আগে বলে এসেছে, তারা শুধু বৈধ ও নির্দিষ্ট লক্ষ্যবস্তুতেই হামলা চালায়।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com