
ডারউইনে অবিশ্বাস্য জয়ের পর ধারাবাহিকতা ধরে রাখার লক্ষ্য নিয়ে ম্যাকাই টেস্টে নেমেছিল বাংলাদেশ। তবে শুরুতেই মিচেল স্টার্কের ভয়ংকর বোলিংয়ে লণ্ডভণ্ড হয়ে গেছে সফরকারীদের ব্যাটিং লাইনআপ। মাত্র ২২ বলের মধ্যে ৫ উইকেট শিকার করে বাংলাদেশকে চরম বিপাকে ফেলেছেন অস্ট্রেলিয়ার এই পেসার।
টস হেরে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ ৬.৪ ওভারে মাত্র ১২ রান তুলতেই হারিয়েছে ৫ উইকেট। এই সময়ের মধ্যে ৪ ওভার বল করে তিনটি মেডেনসহ মাত্র ৪ রান দিয়ে ফাইফার পূর্ণ করেন স্টার্ক।
ইনিংসের প্রথম বলেই সাদমান ইসলামকে ক্যামেরন গ্রিনের ক্যাচে ফেরান অস্ট্রেলিয়ার পেসার। পরের ওভারে টানা দুই বলে তানজিদ হাসান তামিম ও নাজমুল হোসেন শান্তকে সাজঘরে পাঠান স্টার্ক। বাংলাদেশের প্রথম তিন ব্যাটারই ফেরেন কোনো রান না করে।
এরপর মুমিনুল হকও স্টার্কের শিকার হন। মাত্র ৯ রান করে বিদায় নেন তিনি। লিটন দাসও ব্যাট হাতে দাঁড়াতে পারেননি। ৫ বল খেলে ডাক মেরে ফেরেন এই উইকেটকিপার ব্যাটার।
প্রতিবেদন লেখা পর্যন্ত ১৩ ওভার ৩ বলে ৫ উইকেট হারিয়ে ২০ রান তুলেছে টাইগাররা। ৩৭ বলে ৫ রান করে মুশফিকুর রহিম ও ২০ বলে ৫ রান করে অপরাজিত আছেন মেহেদী হাসান মিরাজ।
এদিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের একাদশে এসেছে একটি পরিবর্তন। ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন পেসার শরিফুল ইসলাম। হোম ওয়ানডে সিরিজে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৬ উইকেট নেয়া শরিফুল এবার ইবাদত হোসেনের জায়গায় একাদশে ফিরেছেন।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]