
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে বঙ্গভবনের দরবার হলে তাকে শপথ বাক্য পাঠকরান জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবায়দা রহমান, সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস, বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানসহ মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, কূটনীতিক, রাজনৈতিক নেতা ও বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।
প্রধানমন্ত্রী সন্ধ্যা ৭টা ২৭ মিনিটে বঙ্গভবনের দরবার হলে প্রবেশ করেন। এর কয়েক মিনিট পর নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ একসঙ্গে আসেন। এসময় আমন্ত্রিত অতিথিরা দাঁড়িয়ে সম্মান জানান।
পরে মন্ত্রিপরিষদ সচিব রাষ্ট্রপতির অনুমতি নিয়ে শপথগ্রহণ অনুষ্ঠান শুরু করেন। শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয়। অনুষ্ঠানে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয় মহান মুক্তিযুদ্ধের বীর মুক্তিযোদ্ধা ও নির্যাতিত মা-বোনদের। সেই সঙ্গে শ্রদ্ধা নিবেদন করা হয় সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের প্রতি।
এরপর রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল। শপথের আনুষ্ঠানিকতা শেষে সাক্ষর করে নতুন রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তিনি।
রাষ্ট্রপতির শপথের পর বঙ্গভবনে মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথের আনুষ্ঠানিকতা শুরু হয়। রাষ্ট্রপতি মির্জা ফখরুল নতুন মন্ত্রী হিসেবে ড. আবদুল মঈন খান, রশিদুজ্জামান মিল্লাত, আন্দালিব রহমান পার্থ ও সাচিং প্রু জেরির শপথবাক্য পাঠ করান। এরপর প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন হুমায়ুন কবির ও শামীম কায়সার লিংকন।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]