নিত্যপণ্যের বাড়তি দামে ‘চিড়ে চ্যাপ্টা’ সাধারণ ক্রেতা
প্রকাশ : ২১ আগস্ট ২০২৬, ১৭:২৪
নিত্যপণ্যের বাড়তি দামে ‘চিড়ে চ্যাপ্টা’ সাধারণ ক্রেতা
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অঅ-অ+

রাজধানীর বাজারে নিত্যপণ্যের বাড়তি দামে চাপে পড়েছেন সাধারণ মানুষ। মাছ, মুরগি ও ডিমের বাড়তি দামে চাপে পড়েছেন ক্রেতারা। অধিকাংশ মাছই ২০০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে না। ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে কেজি ১৯০ টাকা এবং ডিমের ডজন ১৩০ থেকে ১৫০ টাকায়। তবে আগের তুলনায়কিছুটা কমেছে সবজির দাম। কয়েক ধরনের সবজির দাম বেশি থাকলেও অধিকাংশ সবজি মিলছে ৬০ থেকে ৮০ টাকা কেজিতে।


শুক্রবার (২১ আগস্ট) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা যায়।


মাছের বাজারেও স্বস্তি নেই। আকারভেদে তেলাপিয়া ২২০ থেকে ২৫০, পাঙাশ ২৩০ থেকে ২৫০, রুই-কাতলা ৩৮০ থেকে ৪২০ এবং চিংড়ি ১ হাজার থেকে ১ হাজার ৩০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পাবদা ৩৫০ থেকে ৪০০, ভেটকি ৪০০ থেকে ৫৫০ এবং ট্যাংরা ৭০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।


এ ছাড়া মৃগেল ২৫০ থেকে ৩০০, বাইন ৬০০ থেকে ৮০০, দেশি কই ৭০০ থেকে ৮০০, চাষের কই ৩০০ এবং শোল ৭০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ৯০০ গ্রাম থেকে ১ কেজি ওজনের ইলিশের দাম ২ হাজার ৫০০ টাকা, আর ১ কেজি ৩০০ গ্রাম ওজনের ইলিশ প্রায় ৩ হাজার টাকা।


কাওরান বাজারের একজন ক্রেতা আবুল্লাহ বলেন, ২২০ টাকার নিচে এখন কোনো মাছ পাওয়া যাচ্ছে না। তেলাপিয়াও আড়াইশ টাকা কেজি। এ অবস্থায় মধ্যবিত্তদের জন্য বাজার করা কঠিন হয়ে পড়েছে।


তবে মাছ বিক্রেতাদের দাবি, মাছের দামে বড় কোনো পরিবর্তন হয়নি।


একই চিত্র মাংসের বাজারে। রাজধানীর বিভিন্ন বাজারে আজ ব্রয়লার মুরগি ১৯০, সোনালি ৩২০ এবং দেশি মুরগি ৬৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। গরুর মাংসের দাম ৭৮০ থেকে ৮০০ টাকা। ডিমের মধ্যে সাদা ডিমের ডজন ১৩০ এবং বাদামি ডিম ১৪০ থেকে ১৫০ টাকায় বিক্রি হচ্ছে।


মুরগি বিক্রেতা আহমেদ শরিফ জানান, গত সপ্তাহের তুলনায় মুরগির দামে তেমন পরিবর্তন হয়নি। ব্রয়লার ১৯০ ও সোনালি ৩২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।


তবে স্বস্তি ফিরেছে সবজির বাজারে। গেল সপ্তাহের তুলনায় কিছুটা কমেছে সবজির দাম। তবে মৌসুম না হওয়ায় বেগুন, শিম, গাজর, বরবটি ও টমেটোর দাম এখনও তুলনামূলক বেশি। এসব সবজি ৮০ থেকে ১৪০ টাকা কেজি পর্যন্ত বিক্রি হচ্ছে।


শুক্রবারের বাজারে টমেটো ১৩০, কাঁচা মরিচ ১২০, পটল ও শসা ৬০, করলা ৮০, বরবটি ১০০ এবং ঝিঙা ও চিচিঙ্গা ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। কাঁকরোল ৮০, ঢ্যাঁড়স ৬০, শিম ২০০, পেঁপে ৪০, গাজর ১৪০, ধুন্দুল ৬০, মুলা ৮০ এবং বেগুন ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।


মালিবাগ বাজারে বাজার করতে আসা চাকরিজীবী কামরুল বলেন, সবজির দাম আগের তুলনায় কমেছে। তবে চার-পাঁচ ধরনের সবজির দাম এখনও ১০০ থেকে ১৪০ টাকা। অন্য সবজি ৬০ থেকে ৮০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে।


এদিকে সবজি বিক্রেতাদের দাবি, বেগুন, শিম, গাজর, বরবটি ও টমেটোর মৌসুম না হওয়ায় সরবরাহ কম। তাই এসব সবজির দাম বেশি। অন্য সবজির দাম আগের তুলনায় কমেছে। টানা বৃষ্টি না হলে দাম এমনই থাকবে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com