রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শুরু
প্রকাশ : ২০ আগস্ট ২০২৬, ১৪:০৯
রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শুরু
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অঅ-অ+

দীর্ঘ ৩৫ বছর পর বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শুরু।


বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ২টায় জাতীয় সংসদে সংসদ সদস্যদের ভোট গ্রহণ শুরু হয়। বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ।


আজকের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ১১ দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) ড. অলি আহমদ, বীর বিক্রম। এই নির্বাচনকে সামনে রেখে সংসদ সদস্যদের ভোট প্রদানের জন্য ৯ দফা নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।


ক্ষমতাসীন দল বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিজয় নিশ্চিত বলে মনে করা হচ্ছে।


সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী, সংসদ সদস্যরা তাদের দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে ভোট দিতে পারেন না। উন্মুক্ত ভোটিং ব্যবস্থা এবং ক্ষমতাসীন দলের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার কারণে এই রাষ্ট্রপতি নির্বাচনটি স্রেফ একটি আনুষ্ঠানিকতায় পরিণত হয়েছে।


ফখরুলের একমাত্র প্রতিদ্বন্দ্বী হলেন অলি আহমদ, যিনি জামায়াত নেতৃত্বাধীন বিরোধী জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে লড়ছেন।


মোট ৩৪৯ জন সংসদ সদস্য এই নির্বাচনে ভোট দেবেন বলে আশা করা হচ্ছে। এর মধ্যে বিএনপির ২৪৭ জন এবং বিরোধী জোটের ৯০ জন। অবশিষ্ট সংসদ সদস্যরা অন্যান্য দল বা স্বতন্ত্র প্রার্থী।


গত ২৪ জুলাই রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের পদত্যাগের পর নির্বাচন কমিশন আজকের নির্বাচনের তফসিল ঘোষণা করে।


গতকাল নির্বাচন কমিশন কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেন, আমরা আশা করি এই ঐতিহাসিক নির্বাচনটি সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। সেই অনুযায়ী প্রস্তুতি নেওয়া হয়েছে।


সিইসি এই নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্বও পালন করছেন।


১৯৯১ সালের পর এটিই প্রথম রাষ্ট্রপতি নির্বাচন। ১৯৯৬ থেকে ২০২৩ সালের মধ্যে আটজন রাষ্ট্রপতি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন, যেখানে প্রতিবারই ক্ষমতাসীন দলের প্রার্থীরা জয়ী হয়েছেন।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com