ইরানের সঙ্গে ব্যবসা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’ হবে: ট্রাম্প
প্রকাশ : ২০ আগস্ট ২০২৬, ১০:০৯
ইরানের সঙ্গে ব্যবসা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’ হবে: ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অঅ-অ+

যে কোনো দেশ ইরানকে সহায়তা করলে বা দেশটির সঙ্গে ব্যবসা করলে যুক্তরাষ্ট্র তাদের ওপর ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’ চাপিয়ে দেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।


বুধবার (১৯ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে বড় হাতের অক্ষরে দেয়া এক পোস্টে ট্রাম্প বলেন, তিনি ‘যেকোনো দেশের বিরুদ্ধে এযাবৎকালের সবচেয়ে নিষ্পেষণকারী অর্থনৈতিক অভিযান’ শুরু করতে যাচ্ছেন। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি। কোনো দেশের নামও উল্লেখ করেননি।


সোমবার ইরানের সঙ্গে ৬০ দিনের যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার পর ট্রাম্পের এই ঘোষণা এলো। ফেব্রুয়ারির শেষে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে অভিযান শুরু করার পর থেকে সংঘাতের কূটনৈতিক বা সামরিক সমাধানের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।


ট্রাম্পের সর্বশেষ পদক্ষেপটি ‘অপারেশন ইকোনমিক ফিউরি’র চাপ প্রয়োগের অভিযান আরও বিস্তৃত করার ইঙ্গিত দিচ্ছে। তেহরানের সঙ্গে ব্যবসা করা বিদেশি ব্যাংক ও প্রতিষ্ঠানগুলোর ওপর নিষেধাজ্ঞা দিতে এপ্রিলে এই অভিযান শুরু করা হয়েছিল।


বুধবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া আরেক পোস্টে ট্রাম্প বলেন, ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হওয়ায় তিনি দেশটির বিরুদ্ধে ‘অর্থনৈতিক ডি-ডে’ শুরু করছেন।


ট্রাম্প বলেন, কোনো দেশ যদি তার আর্থিক প্রতিষ্ঠান, ব্যবসা, বিমানবন্দর বা সরকারি সংস্থাকে ইরানকে কোনো ধরনের সহায়তা দেয়ার সুযোগ দেয়, তাহলে সেই দেশকে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’র মুখোমুখি হতে হবে।


তবে ঠিক কী ধরনের শাস্তি দেয়া হবে, সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু বলেননি ট্রাম্প। তিনি আরও বলেন, তেল চোরাচালান, পণ্য বিনিময়, নগদ অর্থ স্থানান্তর, মুদ্রা বিনিময় কেন্দ্র, জাহাজ নিবন্ধন ও ভুয়া কোম্পানির মাধ্যমে ইরানের সঙ্গে লেনদেন; সবকিছু এখনই বন্ধ করতে হবে। এ ক্ষেত্রে কারা জড়িত, তা সংশ্লিষ্টরা জানেন বলেও মন্তব্য করেন তিনি।


ইরানের পক্ষ থেকে নতুন ক্ষেপণাস্ত্র হামলার হুমকির জেরে যুক্তরাষ্ট্রের মিত্র সংযুক্ত আরব আমিরাত ইরানের সঙ্গে সব ধরনের আর্থিক ও অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেয়ার একদিন পর ট্রাম্প এই হুঁশিয়ারি দিলেন।


সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইরান থেকে সামুদ্রিক যান চলাচল লক্ষ্য করে ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়েছে। তবে ক্ষেপণাস্ত্র দুটি সমুদ্রে গিয়ে পড়ে।


ইরানি প্রতিষ্ঠানগুলো দীর্ঘদিন ধরে এক্সচেঞ্জ হাউস ও শেল কোম্পানির মাধ্যমে অর্থ স্থানান্তরে দুবাইয়ের আর্থিক ব্যবস্থা ব্যবহার করে আসছে। সংযুক্ত আরব আমিরাতের সিদ্ধান্তের পর ইরানের সশস্ত্র বাহিনী প্রতিবেশী উপসাগরীয় দেশগুলোকে মার্কিন সামরিক বাহিনীকে সহায়তা না দেয়ার সতর্কতা দিয়েছে। মার্কিন বাহিনীকে দেয়া যেকোনো সহায়তাকে ষড়যন্ত্র হিসেবে বিবেচনা করা হবে বলেও জানিয়েছে তারা।


এর আগে প্রায় এক সপ্তাহ আগে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেছিলেন, ইরানের ওপর এমন অর্থনৈতিক বিচ্ছিন্নতা আরোপ করবে যুক্তরাষ্ট্র, যা বিশ্ব আগে কখনো দেখেনি।


এদিকে, চলতি সপ্তাহের শুরুতে ফক্স নিউজের এক সাংবাদিককে দেয়া ফোন সাক্ষাৎকারে ট্রাম্প আরও হুমকি দেন বলে জানা গেছে। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের মিত্র ওমান যদি ইরানের সঙ্গে আলোচনায় তার প্রশাসনের জন্য ‘বাধা হয়ে দাঁড়ায়’, তাহলে তিনি দেশটিতে বোমা হামলা চালাতে পারেন।


বিশ্ব অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী পুনরায় চালুর বিষয়ে যুক্তরাষ্ট্র ও ওমান তেহরানের সঙ্গে আলাদাভাবে আলোচনা করছে। যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের সময় প্রায় ছয় মাস ধরে জলপথটি মূলত বন্ধ রয়েছে।


চলমান সংঘাতের কারণে গুরুত্বপূর্ণ এই নৌপথে জাহাজ চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এতে বিশ্ববাজারে জ্বালানির দামও বেড়েছে। বিশ্বের মোট অপরিশোধিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) প্রায় ২০ শতাংশ সাধারণত হরমুজ প্রণালী দিয়ে পরিবহন করা হয়।


এদিকে, নভেম্বরে অনুষ্ঠেয় মার্কিন মধ্যবর্তী নির্বাচনের আগে যুদ্ধের কারণে ভোক্তাদের ব্যয় কতটা বাড়ছে এবং দেশটির সামরিক সদস্যদের ওপর এর কী প্রভাব পড়ছে, তা নিয়েও চাপের মুখে রয়েছেন ট্রাম্প।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com