
কয়েক দিনের ভ্যাপসা গরমের পর রাতভর বৃষ্টিতে ভিজেছে রাজধানী। তবে আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিন ঢাকায় বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে।
মঙ্গলবার (১১ আগস্ট) এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৩৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। আগামী কয়েক দিন ঢাকায় বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে।
আবহাওয়া অধিদফতর আরও জানায়, রাজধানী ও আশপাশের এলাকায় দুপুর পর্যন্ত আকাশ সাময়িকভাবে আংশিক মেঘলা থাকতে পারে। এ সময় হালকা বৃষ্টিও হতে পারে। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। দিনের তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।
এ ছাড়া, মৌসুমি বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক এলাকায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু এলাকায়ও একই ধরনের বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণ হতে পারে। সারা দেশে ঝড়বৃষ্টির প্রবণতা আগামী কয়েক দিন অব্যাহত থাকতে পারে। আগামী সপ্তাহে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।
আবহাওয়া অধিদফতরের হিসাবে, মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত। এর একটি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় আছে।
এদিকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। এর প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টির প্রবণতা বাড়তে পারে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]