
প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল (৯ জুলাই) বিশ্ব পরিবেশ দিবস, পরিবেশ মেলা-২০২৬ এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬-এর উদ্বোধন করবেন।
(৮ জুলাই) বুধবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু।
মন্ত্রী জানান, বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রী এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। এবারের জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে, ‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’।
তিনি বলেন, ঢাকায় পরিবেশ মেলা ও মাসব্যাপী জাতীয় বৃক্ষমেলার পাশাপাশি দেশের সাতটি বিভাগীয় শহরে ১৫ দিনব্যাপী, ৫৬টি জেলা সদরে সাত দিনব্যাপী এবং ২৯টি উপজেলায় তিন দিনব্যাপী বৃক্ষমেলার আয়োজন করা হবে। জাতীয় বৃক্ষমেলায় মোট ১২০টি স্টল থাকবে।
সংবাদ সম্মেলনে পরিবেশমন্ত্রী জানান, আগামী পাঁচ বছরে সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণ ও সেগুলোর সঠিক রক্ষণাবেক্ষণের পরিকল্পনা নিয়েছে সরকার। এ লক্ষ্য বাস্তবায়নে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে জাতীয় পর্যায়ে একটি বিশেষ সেল গঠন করা হয়েছে।
তিনি বলেন, বনায়ন কার্যক্রমে স্যাটেলাইটভিত্তিক পর্যবেক্ষণ, জিআইএস ও রিমোট সেনসিং প্রযুক্তি ব্যবহার করা হবে। পাশাপাশি সারাদেশে রোপণ করা গাছের তথ্য সংরক্ষণ ও পর্যবেক্ষণের জন্য একটি কেন্দ্রীয় ‘ট্রি মনিটরিং সিস্টেম’ চালু করা হবে, যার মাধ্যমে প্রতিটি গাছের অবস্থান ও টিকে থাকার হার ডিজিটালভাবে পর্যবেক্ষণ করা সম্ভব হবে।
আবদুল আউয়াল মিন্টু আরও জানান, দুর্গম চরাঞ্চল, উপকূলীয় এলাকা ও বনাঞ্চলে ড্রোন প্রযুক্তির মাধ্যমে বনায়ন কার্যক্রম পর্যবেক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া আগামী পাঁচ বছরে এই কর্মসূচির মাধ্যমে প্রায় সাড়ে তিন লাখ নতুন ‘সবুজ কর্মসংস্থান’ সৃষ্টি হবে বলে সরকারের প্রত্যাশা। এর ফলে গ্রামীণ নারী ও যুবসমাজ নার্সারি ব্যবসা ও বৃক্ষ পরিচর্যার মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ পাবেন।
সংবাদ সম্মেলনে পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, মন্ত্রণালয়ের সচিব এবং বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]