
লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা করা হয়েছে। নিহতদের মধ্যে দুই নারী ও এক শিশু রয়েছে বলে জানা গেছে।
বৃহস্পতিবার (২৫ জুন) সকালে পৌর শহরের দেনায়েতপুর এলাকার একটি ভবন থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ।
রায়পুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বাহারুল আলম জানান, তিন জনের মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।
হত্যাকাণ্ডের শিকার একই পরিবারের তিন সদস্য হলেন- মা শাহীনুর বেগম (৩৫) এবং তার দুই মেয়ে ছায়মা (২১) ও সিফা (১৩)।
নিহত ছায়মা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে জানা গেছে। এ ঘটনায় গুরুতর আহত আরেক মেয়ে ইকরা (১৭)।
আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
তাদের বাড়ি কুমিল্লা জেলার হোমনা থানাধীন লটিয়া গ্রামে। নিহত শাহীনুরের স্বামীর নাম কামাল হোসেন ২০১৯ সালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। পরিবারটি লক্ষ্মীপুরের রায়পুর পৌর শহরের ধানহাটা এলাকায় ভাড়া থাকতো। প্লাস্টিক পণ্য হকারি করে বিক্রি করে জীবিকা নির্বাহ করতে তারা।
এ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে অন্তর মজুমদার নামে এক ভ্রাম্যমাণ ফল বিক্রেতাকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। তাকে জেলা সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। সন্দেহভাজন অন্তর মজুমদারের বাড়ি নোয়াখালীর সুবর্ণচরে। হত্যাকাণ্ডের শিকার ওই পরিবারটি এবং অভিযুক্ত ঘাতক একই ভবনে ভাড়া থাকতো।
সহকারী পুলিশ সুপার (রায়পুর সার্কেল) রাশেদুল বলেন, তিনজনকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। একজন গুরুতর আহত। সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। তাকেও সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
কি কারণে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, সেটি এখনো উদ্ঘাটন করতে পারেনি পুলিশ।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]