
বাংলাদেশের পানিসম্পদ ব্যবস্থাপনায় চীন সরকারের সহযোগিতার নতুন পথ উন্মোচিত হয়েছে। বেইজিংয়ের রাষ্ট্রীয় দিয়াওইউতাই অতিথি ভবনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের পানিসম্পদমন্ত্রী লি গোওইংয়ের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) স্থানীয় সময় দুপুর ১২টায় অনুষ্ঠিত এই বৈঠকে দুই দেশের পানি ব্যবস্থাপনার উন্নয়ন, বন্যার ঝুঁকি মোকাবিলা এবং পরিবেশগত সুরক্ষা নিশ্চিত করতে পারস্পরিক সহযোগিতার বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়।
বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের নদী ব্যবস্থাপনার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি বাংলাদেশের চলমান নদী খনন কর্মসূচির কথা তুলে ধরে এই কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতে চীন সরকারের কারিগরি ও প্রযুক্তিগত সহায়তা প্রত্যাশা করেন। বিশেষ করে তিস্তা ব্যবস্থাপনা প্রকল্প বাস্তবায়নে চীনের সক্রিয় অংশগ্রহণ বাংলাদেশের জন্য যে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তা তিনি অত্যন্ত স্পষ্টভাবে ব্যক্ত করেন। প্রধানমন্ত্রীর এই প্রস্তাবের পরিপ্রেক্ষিতে চীনের পানিসম্পদমন্ত্রী অত্যন্ত ইতিবাচক সাড়া দিয়েছেন এবং বাংলাদেশের পানিসম্পদ ও নদী ব্যবস্থাপনায় সর্বাত্মক সহযোগিতা প্রদানের আশ্বাস দিয়েছেন।
দুই দেশের পারস্পরিক সম্পর্কের কথা উল্লেখ করে চীনের পানিসম্পদমন্ত্রী লি গোওইং জানান, ২০০৫ সালের সমঝোতা স্মারক এবং গত বছর চীনের পানি বিশেষজ্ঞদের সফল বাংলাদেশ সফরের মাধ্যমে দ্বিপাক্ষিক সহযোগিতার যে ভিত্তি তৈরি হয়েছে, তা বর্তমানে গবেষণানির্ভর ও বাস্তবভিত্তিক পর্যায়ে উন্নীত হয়েছে। তিনি উল্লেখ করেন, বাংলাদেশের নদীভাঙন রোধ, আধুনিক সেচ ব্যবস্থাপনা এবং নৌ-নেভিগেশনের উন্নয়নে চীন তাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা ও প্রযুক্তি শেয়ার করতে প্রস্তুত।
নদী ব্যবস্থাপনার দক্ষতা বৃদ্ধিতে চীনের পক্ষ থেকে একটি বিশেষ প্রস্তাব এসেছে। চীনের মন্ত্রী জানান, বাংলাদেশের পানি বিশেষজ্ঞ এবং এই খাতের সংশ্লিষ্ট কর্মকর্তাদের আধুনিক প্রশিক্ষণের জন্য চীনে আমন্ত্রণ জানানো হয়েছে। এই প্রশিক্ষণের মাধ্যমে বাংলাদেশি কর্মকর্তারা আন্তর্জাতিক মানের অভিজ্ঞতা অর্জন করতে পারবেন, যা দীর্ঘমেয়াদে দেশের পানিসম্পদ ব্যবস্থাপনায় যুগান্তকারী পরিবর্তন আনবে।
এই উচ্চপর্যায়ের বৈঠকে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দীন স্বপন, পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা এবং প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থানবিষয়ক উপদেষ্টা মাহদী আমিনসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]