
খাল খননের মাধ্যমে গ্রামীণ অর্থনীতি চাঙ্গা হচ্ছে ও কৃষির উন্নতি হচ্ছে বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
বৃহস্পতিবার (৭ মে) মুন্সিগঞ্জের গজারিয়ার হোসেন্দী ইউনিয়নের জামালদী এলাকায় ২ দশমিক ১০ কিলোমিটার দীর্ঘ হোসেন্দী খালের পুনঃখনন কাজের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, 'প্রেসিডেন্ট জিয়াউর রহমান খাল খনন কর্মসূচি তার জীবনদশায় করেছিলেন, এটি ছিল একটি আন্দোলন। বর্তমানে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী নতুনভাবে খাল খনন কর্মসূচি করা হচ্ছে। সারা বাংলাদেশে নতুন জাগরণ শুরু হয়েছে খাল খননের মাধ্যমে।'
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন বলেন, ‘এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে হোসেন্দী ইউনিয়নের কৃষি ও পানি নিষ্কাশন ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন আসবে। পর্যায়ক্রমে গজারিয়া উপজেলার বিভিন্ন এলাকায় এ ধরনের প্রকল্প বাস্তবায়ন করা হবে।’
সংশ্লিষ্ট সূত্র অনুযায়ী, অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি)-এর আওতায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের অর্থায়নে ২.১ কিলোমিটার দীর্ঘ এই খালটি পুনঃখনন করা হচ্ছে। ২০২৫-২০২৬ অর্থবছরের এই প্রকল্পে বরাদ্দ দেওয়া হয়েছে ৪৯ লাখ ৭৫ হাজার ৯৫৪ টাকা। খালটি পুনঃখনন সম্পন্ন হলে সংশ্লিষ্ট এলাকায় জলাবদ্ধতা নিরসন হবে এবং সেচ সুবিধা বৃদ্ধির ফলে কৃষি ও মৎস্য উৎপাদনে ইতিবাচক প্রভাব পড়বে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক বিভাগের উপ-পরিচালক মৌসুমী মাহবুব, জেলা পুলিশ সুপার মেনহাজুল আলম ও গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহমুদুল হাসানসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]