চলতি বছর শেষে স্থানীয় সরকার নির্বাচন: উপদেষ্টা জাহেদ
প্রকাশ : ০৫ মে ২০২৬, ১২:৩৭
চলতি বছর শেষে স্থানীয় সরকার নির্বাচন: উপদেষ্টা জাহেদ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

চলতি বছরের শেষ নাগাদ দেশে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান।


মঙ্গলবার (৫ মে) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি সরকারের এই সিদ্ধান্তের কথা জানান।


উপদেষ্টা বলেন, নির্বাচন আয়োজনের প্রাথমিক প্রস্তুতি ও পরিকল্পনা অনুযায়ী বছরের শেষ দিকে ভোটগ্রহণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। স্থানীয় সরকারকে আরও শক্তিশালী এবং তৃণমূল পর্যায়ে জনপ্রতিনিধিত্ব নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে।


নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ও তফসিল নিয়ে আলোচনা চলছে বলেও তিনি উল্লেখ করেন। সরকারের পক্ষ থেকে সময়মতো বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে বলে উল্লেখ করেন তিনি।


তিনি বলেন, মধ্যপ্রাচ্য সংঘাত বা পরিস্থিতি নিয়ে এখনো উদ্বেগ আছে। যেকোনো সময় পরিস্থিতির অবনতি হতে পারে। তবে দেশে প্রয়োজনীয় জ্বালানি তেল মজুত আছে।


তিনি আরও বলেন, জ্বালানির ওপর চাপ কমাতে বিদ্যুৎচালিত বাস নামানোর উদ্যোগ নেয়া হয়েছে। শিক্ষার্থীদের জন্য এই বাস সার্ভিস চালু হবে। হাওর অঞ্চলে ক্ষতিগ্রস্ত কৃষকদের এককালীন ৭ হাজার ৫০০ টাকা করে দেওয়া হবে বলেও জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা।


জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) গত ২৭ এপ্রিল এক প্রজ্ঞাপনের মাধ্যমে জানিয়েছে, স্কুল-কলেজ বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ইলেকট্রিক বাস আমদানিতে এখন থেকে কোনো ধরনের শুল্ক বা কর দিতে হবে না। এর মধ্যে কাস্টমস ডিউটি, ভ্যাট, সম্পূরক শুল্ক, আগাম কর এবং অগ্রিম আয়করসহ সব ধরনের শুল্ক-কর অব্যাহতি দেওয়া হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠান নিজে কিংবা তাদের হয়ে অন্য কোনো সংস্থা এই বাস আমদানি করলেও একই সুবিধা পাওয়া যাবে।


তবে শুল্কমুক্ত এই বাসের ক্ষেত্রে কিছু নির্দিষ্ট শর্ত জুড়ে দিয়েছে এনবিআর। প্রজ্ঞাপন অনুযায়ী, আমদানিকৃত এসব বাসের রং অবশ্যই উজ্জ্বল হলুদ হতে হবে। এছাড়া বাসের গায়ে ‘স্কুল’, ‘কলেজ’ বা ‘স্টুডেন্ট বাস’ শব্দগুলো স্পষ্টভাবে দৃশ্যমান থাকতে হবে যাতে সহজেই এটি শনাক্ত করা যায়। এই সেবা দ্রুত নিশ্চিত করতে এনবিআর জানিয়েছে, কোনো প্রতিষ্ঠান আবেদনের ১০ কার্যদিবসের মধ্যেই শুল্কমুক্ত আমদানির প্রক্রিয়া নিষ্পত্তি করা হবে।


সরকারি এই সিদ্ধান্তের ফলে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো এখন অনেক কম খরচে উন্নত মানের পরিবহন ব্যবস্থা নিশ্চিত করতে পারবে। এতে একদিকে যেমন জ্বালানি সাশ্রয় হবে, অন্যদিকে সড়কে ব্যক্তিগত গাড়ির ভিড় কমায় যানজটও উল্লেখযোগ্য হারে হ্রাস পাবে। এছাড়া শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত হওয়ার পাশাপাশি অভিভাবকদের পকেটের খরচও অনেক কমে আসবে বলে আশা করা হচ্ছে।


শিক্ষার্থীদের পাশাপাশি সাধারণ যাত্রীদের যাতায়াতে ব্যবহৃত বাসের ক্ষেত্রেও শুল্ক কমানোর বিষয়টি সরকার সক্রিয়ভাবে বিবেচনা করছে। এই উদ্যোগ সফল হলে দেশের গণপরিবহন ব্যবস্থায় এক বৈপ্লবিক পরিবর্তন আসবে, যা পরিবেশ দূষণ কমিয়ে শহরগুলোকে আরও বাসযোগ্য করে তুলবে এবং জাতীয় অর্থনীতিতে জ্বালানি আমদানির চাপ কমিয়ে আনবে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com