
নিজ দল তৃণমূল কংগ্রেসের ভরাডুবি’র ইঙ্গিত মিলছিল সোমবার দুপুর থেকেই। রাতে নিজ আসন ভবানীপুর থেকেও দুসংবাদ পেলেন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের টানা তিনবারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
নিজের দীর্ঘদিনের রাজনৈতিক দুর্গ কলকাতার ভবানীপুরে ১৫ হাজার ভোটের ব্যবধানে মমতা হারলেন বিজেপি’র শুভেন্দু অধিকারীর কাছে। এর মধ্য দিয়ে এবারের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ভরাডুবির ষোলোকলা পূর্ণ হলো।
ভারতের নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ভবানীপুর আসনে শুভেন্দু অধিকারী পেয়েছেন ৭৩ হাজার ৯১৭ ভোট। বিপরীতে মমতা বন্দ্যোপাধ্যায় পেয়েছেন ৫৮ হাজার ৮১২ ভোট।
উল্লেখ্য, ২০২১ সালের বিধানসভা নির্বাচনেও মমতাকে নন্দীগ্রাম আসনে পরাজিত করেছিলেন শুভেন্দু। যদিও সেবার ব্যবধান আরও কম ছিল।
এদিকে, নিজের দুর্গ নন্দীগ্রামে এবারও বিজয়ী হয়েছেন শুভেন্দু। সেখানে তিনি তৃণমূল কংগ্রেসের পবিত্র করকে ৯ হাজার ৬৬৫ ভোটের ব্যবধানে পরাজিত করেছেন। অর্থাৎ, নির্বাচনে ভবানীপুর ও নন্দীগ্রাম- দুই আসন থেকেই জয় পেয়েছেন তিনি। এর মধ্য দিয়ে পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে আরও খানিকটা এগিয়ে গেলেন এক সময়ের তৃণমূল নেতা শুভেন্দু অধিকারী।
নির্বাচন কমিশনের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিজেপি ১৮২টি আসনে জয়লাভ করেছে এবং এগিয়ে আছে আরও ২৫টি আসনে। রাজ্যে সরকার গঠন করতে প্রয়োজন ১৪৮টি আসন। ফলে নিশ্চিতভাবেই পশ্চিমবঙ্গে প্রথমবারের মতো সরকার গঠন করতে চলেছে বিজেপি।
নির্বাচন কমিশনের সর্বশেষ তথ্য অনুযায়ী, পশ্চিমবঙ্গে বিজেপি ১৯২টি আসনে জয় পেয়েছে এবং এগিয়ে আছে আরও ১৫টি আসনে। রাজ্যে সরকার গঠন করতে প্রয়োজন ১৪৮টি আসন। ফলে নিশ্চিতভাবেই পশ্চিমবঙ্গে প্রথমবারের মতো সরকার গঠন করতে চলেছে বিজেপি।
অন্যদিকে, মমতার তৃণমূল কংগ্রেসের ঝুলিতে গেছে ৬৮টি আসন। দলটি এগিয়ে আছে আরও ১২টি আসনে। অর্থাৎ, গতবার ২১৫টি আসন পাওয়া তৃণমূল যে এবার তিন অঙ্কও ছুঁতে পারবে না তা প্রায় নিশ্চিত। এছাড়া, পশ্চিমবঙ্গে কংগ্রেস ২টি আসনে, আম জনতা উন্নয়ন পার্টি ২টিতে এবং সিপিআইএম ১টি আসনে জয় পেয়েছে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]