
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠা দিয়ে একটি সুষ্ঠু ও সর্বজন গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিয়েছে পুলিশ।
তিনি বলেন, দায়িত্ব পালনে নিরপেক্ষতা ও পেশাদারিত্বের মাধ্যমে পুলিশ বাহিনী তাদের হারানো গৌরব পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনস-এ অবস্থিত বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে জানুয়ারি-২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডিএমপি কমিশনার বলেন, নির্বাচনে আপনারা নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। আগামী দিনগুলোতেও পুলিশের এই ইতিবাচক ভাবমূর্তি ধরে রাখতে সবাইকে সমানভাবে কাজ করতে হবে।
সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) মোঃ সরওয়ার বলেন, রমজানে ইফতারের আগে রাজধানীতে ট্রাফিকের চাপ বেড়ে যায়। এ সময় যানজট নিরসনে সংশ্লিষ্টদের আরও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে, যাতে নগরবাসী নির্বিঘ্নে বাসায় পৌঁছে ইফতার করতে পারেন। পাশাপাশি ট্রাফিক আইন মেনে চলার জন্য সবার প্রতি আহ্বান জানান তিনি।
অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) এস এন মো. নজরুল ইসলাম বলেন, সামনে একুশে ফেব্রুয়ারি ও অমর একুশে বইমেলার মতো গুরুত্বপূর্ণ জাতীয় অনুষ্ঠান রয়েছে। এছাড়া মাহে রমজানে বিশেষ করে তারাবির সময় চুরি-ছিনতাই রোধে মাঠপর্যায়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশ দেন তিনি।
সভায় জানুয়ারি মাসে ঢাকা মহানগরের আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ডিএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের পুরস্কৃত করা হয়।
অপরাধ পর্যালোচনা সভায় ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, যুগ্ম পুলিশ কমিশনার, উপ-পুলিশ কমিশনার, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার, বিভিন্ন থানার অফিসার ইনচার্জসহ বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]