পর্দায় সাংবাদিকতার কঠিন বাস্তবতা ‘রিপোর্টিং লাইভ’
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৬, ০৯:২৫
পর্দায় সাংবাদিকতার কঠিন বাস্তবতা ‘রিপোর্টিং লাইভ’
বিনোদন ডেস্ক
প্রিন্ট অঅ-অ+

সত্য ও সাহসিকতার বার্তা নিয়ে নির্মাণ করা হয়েছে হিন্দি সিনেমা ‘রিপোর্টিং লাইভ’। পরিচালক ধ্রুব ত্রিপাঠীর এই ছবিতে উঠে এসেছে সাংবাদিকতার রূঢ় বাস্তবতা এবং অবৈধ সিন্ডিকেটের বিরুদ্ধে লড়াইয়ের চিত্র। যেখানে মূল ভূমিকায় অভিনয় করেছেন পরিণীতি চোপড়া। গত ৯ অক্টোবর স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে এই ইনভেস্টিগেশন থ্রিলার ফিল্ম।


ছবিটির গল্প আবর্তিত হয়েছে সংবাদমাধ্যমের এক সত্য ঘটনাকে কেন্দ্র করে। একটি জনপ্রিয় খবরের চ্যানেলের প্রাইম টাইম খবরের সন্ধান করতে গিয়ে সাংবাদিক সন্ধ্যা যাদব এবং তার ক্যামেরাম্যান বিনোদ শর্মা জড়িয়ে পড়েন এক জটিল পরিস্থিতিতে। ভিসারগাঁওয়ে ব্রিজ ভেঙে কয়েকটি শিশুর মৃত্যুর ঘটনার পেছনের কারণ অনুসন্ধানে নেমে তারা আবিষ্কার করেন অবৈধ বালি উত্তোলনের মতো এক বড় দুর্নীতির তথ্য। স্থানীয় এক ব্যক্তি শিবা কাকার সহায়তায় তারা এই অনিয়মের বিরুদ্ধে প্রমাণ সংগ্রহ শুরু করেন।


শুধু তাই নয়, মিহির যাদবের গল্পে এই সিনেমায় নিউজরুমের অভ্যন্তরীণ দ্বন্দ্ব, এডিটর ও চ্যানেল মালিকের মধ্যকার মতপার্থক্য এবং সৎ সাংবাদিকদের পেশাগত জীবনের ঝুঁকি ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। যা সাংবাদিক ও সাংবাদিকতার বাস্তবতাকেই তুলে ধরবে।


সিনেমাটি দেখে অনেক দর্শক ইতোমধ্যে তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন। কেউ কেউ বলছেন, অভিনয়ের দিক থেকে পরিণীতি চোপড়াকে সাংবাদিক সন্ধ্যার চরিত্রে পুরোপুরি মানানসই না লাগলেও তার সহকর্মী বিনোদ শর্মার ভূমিকায় দেবেন ভোজানি সেই দুর্বলতা অনেকটাই ঢেকে দিয়েছেন। এ ছাড়া স্বল্প পরিসরে অমল পালেকর ও শাশ্বত চ্যাটার্জির অভিনয় নজর কেড়েছে। তবে কিছু চরিত্রের অতি-অভিনয় এবং চিত্রনাট্যের চেনা ছক ছবিটিকে থ্রিলার হিসেবে ভিন্ন মাত্রা দিতে কিছুটা ব্যর্থ হয়েছে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com