‘মহানগর ৩’ আসছে
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৬, ১৫:১৮
‘মহানগর ৩’ আসছে
বিনোদন ডেস্ক
প্রিন্ট অঅ-অ+

দীর্ঘ অপেক্ষার অবসান হতে যাচ্ছে অবশেষে। জনপ্রিয় ওয়েব সিরিজ ‘মহানগর’-এর তৃতীয় সিজন নিয়ে বড় ইঙ্গিত দিলেন নির্মাতা আশফাক নিপুণ।


নিজের জন্মদিনে প্রকাশ করা একটি ভিডিওতে নতুন সিজনের চিত্রনাট্য শেষ করার কথা জানিয়ে দর্শকদের উচ্ছ্বসিত করে তুলেছেন তিনি।


বাংলাদেশে ওয়েব সিরিজের জনপ্রিয়তা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ‘মহানগর’ প্রথম মুক্তি পায় ২০২১ সালে। দুই বছর পর দর্শকদের সামনে আসে এর দ্বিতীয় সিজন। গল্প, চিত্রনাট্য ও অভিনয়ের গুণে বাংলাদেশ ছাড়িয়ে ভারতেও ব্যাপক সাড়া ফেলে সিরিজটি।


দ্বিতীয় সিজনের শেষেই তৃতীয় কিস্তি আসার ইঙ্গিত দেওয়া হয়েছিল। কিন্তু এরপর প্রায় তিন বছর পেরিয়ে গেলেও ‘মহানগর ৩’ নিয়ে নির্মাতার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। এ সময় আশফাক নিপুণ সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো পোস্ট দিলেই দর্শকদের বড় একটি অংশ সেখানে তৃতীয় সিজন নিয়ে প্রশ্ন তুলতেন। এর মধ্যে একবার সিরিজটির কাজ শুরুর খবরও সামনে এসেছিল।


পরে জানা যায়, বাজেট সংকটের কারণে হইচই বাংলাদেশ তখন ‘মহানগর ৩’ নির্মাণ করতে পারছে না।


তবে এবার অপেক্ষার অবসানের ইঙ্গিত দিয়েছেন খোদ নির্মাতাই। বুধবার (২৬ আগস্ট) নিজের জন্মদিনে ফেসবুকে একটি ভিডিও প্রকাশ করেন আশফাক নিপুণ। জন্মদিনের শুভেচ্ছা জানানোর আহ্বান জানিয়ে ভিডিওর একপর্যায়ে তিনি বলেন, ‘যাইহোক, এখন স্ক্রিপ্টটা শেষ করে আসি। সময় হাতে বেশি নেই।


কোন চিত্রনাট্যের কথা বলছেন, সেটিও অবশ্য খুব বেশি রহস্যে রাখেননি নিপুণ। ভিডিওতে নিজের কণ্ঠে ‘মহানগর’-এর পরিচিত ইন্ট্রো মিউজিক গেয়ে শোনান তিনি। এতেই দর্শকদের কাছে স্পষ্ট হয়ে যায়, বহুল প্রতীক্ষিত তৃতীয় সিজনের কাজ এগিয়ে নিচ্ছেন এই নির্মাতা।


তার সেই পোস্টে জন্মদিনের শুভেচ্ছার পাশাপাশি ভক্তরাও ‘মহানগর ৩’ নিয়ে আপডেট জানতে চান। পরিচালকের ইঙ্গিতের সূত্র ধরে একজন মন্তব্য করেছেন, ‘‘তাহলে কি ‘মহানগর ৩’ ভায়া?’’, এর উত্তরে আশফাক নিপুণ লিখেন, ‘ইয়েস’।


তবে ‘মহানগর ৩’-এর শুটিং কবে শুরু হবে কিংবা সিরিজটি কবে মুক্তি পাবে, সে বিষয়ে এখনো কোনো নির্দিষ্ট সময়সূচি জানানো হয়নি।


সিরিজটির প্রথম দুই সিজনে পুলিশ কর্মকর্তা ওসি হারুন চরিত্রে অভিনয় করে তুমুল জনপ্রিয়তা পান মোশাররফ করিম। তৃতীয় সিজনেও তাঁকে এই চরিত্রে দেখা যাবে বলে জানা গেছে। পাশাপাশি নতুন সিজনে পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যকে বিশেষ চমক হিসেবে দেখা যেতে পারে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com