
চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলায় গ্রেপ্তার অভিনেতা আশরাফুল হক ডনকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির ঢাকা মেট্রো দক্ষিণের ইন্সপেক্টর মজিবুর রহমান গত বৃহস্পতিবার ঢাকার আদালতে এ আবেদন করেন।
রিমান্ড আবেদনে ডনকে ‘অত্যন্ত সুকৌশলী ও ধূর্ত প্রকৃতির লোক’ হিসেবে উল্লেখ করেছে তদন্ত সংস্থা। মামলাটি আলোচিত ও চাঞ্চল্যকর হওয়ায় এবং দীর্ঘদিন ধরে সালমান শাহর পরিবারের পক্ষ থেকে তার মৃত্যুর নিরপেক্ষ তদন্তের দাবি থাকায় তাকে জিজ্ঞাসাবাদ জরুরি বলে আবেদনে উল্লেখ করা হয়েছে।
প্রসিকিউশন বিভাগের এসআই শাহ আলম সোমবার জানান, আসামিকে আদালতে হাজির করে রিমান্ড আবেদনের শুনানির জন্য আগামী ২৭ আগস্ট দিন ধার্য করেছেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা।
সিআইডির আবেদনে রিমান্ডের পক্ষে তিনটি কারণ তুলে ধরা হয়েছে। প্রথমত, মামলাটি দীর্ঘদিন ধরে আলোচিত এবং এর ভুক্তভোগী দেশের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ। ১৯৯৬ সালে মামলা হওয়ার পর থেকেই তার মা নীলা চৌধুরী ছেলের মৃত্যুর নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে আসছেন। বিভিন্ন সময় সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমেও তিনি এ বিষয়ে সরব হয়েছেন। তাই মামলার প্রকৃত ঘটনা উদ্ঘাটনে ডনকে জিজ্ঞাসাবাদ প্রয়োজন বলে মনে করছে সিআইডি।
দ্বিতীয় কারণ হিসেবে বলা হয়েছে, ডন অত্যন্ত ‘কৌশলী ও ধূর্ত’ প্রকৃতির। তাকে পুলিশ হেফাজতে নিয়ে ব্যাপকভাবে জিজ্ঞাসাবাদ করা গেলে ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট অন্য সহযোগীদের বিষয়ে তথ্য পাওয়া এবং তাদের অবস্থান শনাক্ত করে গ্রেপ্তার করা সম্ভব হতে পারে। মামলার রহস্য উন্মোচন ও তদন্ত এগিয়ে নিতে এ জিজ্ঞাসাবাদ গুরুত্বপূর্ণ বলেও দাবি করেছে সিআইডি।
তৃতীয় কারণ হিসেবে ডনের বিদেশে যাওয়ার চেষ্টা নিয়ে প্রশ্ন তুলেছে তদন্ত সংস্থা। বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা থাকা অবস্থায় কীভাবে, কেন এবং কার প্ররোচনায় তিনি দেশের বাইরে যাওয়ার চেষ্টা করেছিলেন, সে বিষয়ে তথ্য বের করার প্রয়োজন রয়েছে বলে রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়েছে।
গত ৯ আগস্ট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ডনকে গ্রেপ্তার করে ইমিগ্রেশন পুলিশ। পরে তাকে সিআইডির কাছে হস্তান্তর করা হয়। ওই দিনই তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। ১২ আগস্ট জামিনের আবেদন করা হলে তা না মঞ্জুর হয়।
সালমান শাহর মা নীলা চৌধুরীর পক্ষে তার ভাই মোহাম্মদ আলমগীর কুমকুম গত বছরের ২০ অক্টোবর মামলাটি করেন। অভিযোগে বলা হয়, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর পূর্বপরিকল্পিতভাবে পরস্পরের যোগসাজশে সালমান শাহকে হত্যা করা হয়। মামলায় এজাহারভুক্ত আসামিদের পাশাপাশি কয়েকজন অজ্ঞাত পলাতক ব্যক্তিকেও আসামি করা হয়েছে।
চিত্রনায়ক সালমান শাহ, যার প্রকৃত নাম চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনের বাসায় মারা যান। মৃত্যুর সময় বাংলা চলচ্চিত্রে তার জনপ্রিয়তা ছিল তুঙ্গে। তার মৃত্যুর পরপরই বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয় এবং মৃত্যুর কারণ নিয়ে নানা প্রশ্ন ওঠে।
এই মামলার তদন্তের ধারাবাহিকতায় এখন গ্রেফতার হয়েছেন অভিনেতা আশরাফুল হক ডন। তার বিরুদ্ধে ওঠা অভিযোগ ও সালমান শাহর মৃত্যুর প্রকৃত রহস্য উদ্ঘাটনে তাকে জিজ্ঞাসাবাদের জন্যই সাত দিনের রিমান্ড চেয়েছে সিআইডি।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]