
বিশ্বকাপ সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে আর্জেন্টিনা ফাইনালে ওঠার পর সামাজিক মাধ্যমে নতুন করে আলোচনায় এসেছে চিত্রনায়ক ওমর সানী ও অভিনেতা-উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়ের মজার বাকযুদ্ধ। আর এ নিয়ে নেটদুনিয়ায় চলছে দারুণ আলোচনা।
ম্যাচ শেষে ওমর সানীকে ট্যাগ করে ফেসবুকে একটি রসাত্মক পোস্ট দেন জয়। সেখানে আর্জেন্টিনার গোলগুলোর সঙ্গে চিত্রনায়িকা মৌসুমীর ‘চাবুক’ প্রসঙ্গ টেনে তিনি লেখেন, ‘আর্জেন্টিনার গোলগুলো মৌসুমী আপার চাবুকের মতো। তবে তুলার না। একদম অরিজিনাল।’ এই পোস্টটি প্রকাশের পরপরই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। মাত্র এক ঘণ্টার মধ্যেই এতে হাজারো মন্তব্য জমা পড়ে। অনেকেই দুই তারকার এই খুনসুটিকে উপভোগ করে নানা ধরনের রসিক মন্তব্য করেন।
‘চাবুক’ প্রসঙ্গটি অবশ্য নতুন নয়। এর আগে ব্রাজিল সমর্থক ওমর সানী ফুটবল তারকা লিওনেল মেসিকে নিয়ে একটি মন্তব্য করলে সেটি নিয়ে কৌতুক করেন জয়। জবাবে ওমর সানী ফেসবুকে লিখেছিলেন, জয়কে মারার জন্য তিনি ‘অরিজিনাল চাবুক’ অর্ডার দিয়েছেন। আর্জেন্টিনার জয় উদ্যাপনের পোস্টে জয় সেই পুরোনো প্রসঙ্গই আবার সামনে আনেন। তার ভাষায়, আর্জেন্টিনার গোলগুলো ছিল ‘অরিজিনাল চাবুকের’ মতোই নিখুঁত ও জোরালো।
জয়ের পোস্টের মন্তব্যঘরেও সরগরম ছিলেন নেটিজেনরা। একজন লিখেছেন, এই পোস্টের পর আবার কি ওমর সানী আসল চাবুকের ভয় দেখাবেন?’একই ধরনের মন্তব্য করেছেন আরও অনেকে। বিশ্বকাপের উত্তেজনার মধ্যেই দুই তারকার এই সামাজিকমাধ্যমের খুনসুটি ভক্তদের কাছে বাড়তি বিনোদনের খোরাক হয়ে উঠেছে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]