
জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির এবারের আয়োজন অনুষ্ঠিত হচ্ছে নরসিংদীর রায়পুরার বীরশ্রেষ্ঠ মতিউরনগর গ্রামের রামনগর হাইস্কুল মাঠে। বুধবার সন্ধ্যা ৭টায় শুরু হওয়া এ অনুষ্ঠানে প্রবেশের সময় চরম অব্যবস্থাপনার অভিযোগ উঠেছে। এ সময় কয়েকজন সাংবাদিকসহ অন্তত শতাধিক দর্শকের মোবাইল ফোন চুরির ঘটনা ঘটে বলে অভিযোগ পাওয়া গেছে।
ভুক্তভোগীরা জানান, অনুষ্ঠানস্থলে প্রবেশের জন্য পাসের ব্যবস্থা থাকলেও আয়োজকদের অব্যবস্থাপনার কারণে নারী ও শিশুসহ বিভিন্ন বয়সী দর্শকদের ঠেলাঠেলি করে প্রবেশ করতে হয়েছে। বিশৃঙ্খল পরিস্থিতির সুযোগে একটি চক্র অন্তত শতাধিক মোবাইল ফোন চুরি করে নেয়। এ ঘটনায় কয়েকজন আহতও হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিরাপত্তার দায়িত্বে বিপুলসংখ্যক পুলিশ সদস্য থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে তারা কার্যকর ভূমিকা রাখতে পারেননি।
জানা গেছে, প্রায় তিন হাজার অতিথির জন্য আসন বরাদ্দ থাকলেও আরও কয়েক হাজার মানুষ অনুষ্ঠানে প্রবেশ করেন। অনেকেই পুলিশি বাধা উপেক্ষা করে দেয়াল টপকে ভেতরে ঢুকে পড়েন। এ সময় প্রবেশ ফটকে ধাক্কাধাক্কির সুযোগে সংঘবদ্ধ চক্র মোবাইল ফোন চুরি করে বলে অভিযোগ ওঠে। পরে অব্যবস্থাপনার প্রতিবাদ জানিয়ে শত শত পাসধারী দর্শক অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।
অনুষ্ঠানস্থলে উপস্থিত ইনডিপেনডেন্ট টেলিভিশন-এর জেলা প্রতিনিধি আসাদুজ্জামান রিপন জানান, প্রধান ফটক দিয়ে প্রবেশের সময় ব্যাপক হট্টগোল সৃষ্টি হয়। ভেতরে ঢোকার পর তিনি নিজের মোবাইল ফোন খুঁজে পাননি। তাৎক্ষণিকভাবে গেটে দায়িত্বরত পুলিশকে বিষয়টি জানানো হয়। পরে আরও কয়েকজন সাংবাদিক, জেলা প্রশাসনের এক কর্মচারীসহ অন্তত ৪০ থেকে ৪৫ জন মোবাইল ফোন চুরির অভিযোগ করেন।
এ বিষয়ে নরসিংদীর পুলিশ সুপার আব্দুল্লাহ আল-ফারুক বলেন, ‘ইত্যাদি অনুষ্ঠান উপভোগ করতে জেলা ও জেলার বাইরের হাজারো মানুষ এসেছেন। এর মধ্যে চোরচক্রও থাকতে পারে। বেশ কয়েকজন দর্শকের মোবাইল ফোন হারানোর তথ্য পাওয়া গেছে। থানায় অভিযোগ করলে মোবাইল উদ্ধারের চেষ্টা করা হবে।’
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]