মা দিবসে ওমর সানীর আবেগঘন পোস্ট
প্রকাশ : ১০ মে ২০২৬, ১১:৩৬
মা দিবসে ওমর সানীর আবেগঘন পোস্ট
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

আজ বিশ্ব মা দিবস। আর এই বিশেষ দিনকে ঘিরেই মাকে মনে করে আবেগঘন এক পোস্ট দিয়েছেন ঢাকাই সিনেমার অভিনেতা ওমর সানী। মায়ের স্মৃতি, ভালোবাসা আর জীবনের গুরুত্বপূর্ণ এক সিদ্ধান্তের গল্প তুলে ধরেছেন তিনি।


ফেসবুক পোস্টে অভিনেতা ফিরে গেছেন ১৯৯৫ সালের সেই দিনে, যেদিন তিনি ও চিত্রনায়িকা মৌসুমী বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন। ওমর সানী জানান, তখন বিষয়টি নিয়ে দুশ্চিন্তায় ছিলেন তিনি। পরিবার কীভাবে নেবে, তা নিয়েও ছিল ভাবনা। ঠিক সেই সময় পাশে দাঁড়িয়েছিলেন তার মা।


নায়ক লেখেন, ‘সেই দিনে জীবনের কঠিন সিদ্ধান্ত নিয়েছিলাম। আমি এবং মৌসুমী সেদিন সিদ্ধান্ত নিয়েছিলাম বিয়ে করব। তখন অনেক ভেবেচিন্তে আমার মা বিয়ে পড়ানোর জন্য কাজি ডাকেন। আমাদের বিয়ে দেন। সেখান থেকে আজ অবধি আমরা একসঙ্গে আছি।’


মা দিবসের আগে দেয়া এই পোস্টে মায়ের প্রতি গভীর ভালোবাসার কথাও জানান অভিনেতা। তিনি লেখেন, ‘আজ আমার মা দুনিয়াতে নেই। বিশ্ব মা দিবসে অসীম ভালোবাসা আমার মায়ের জন্য। মা, আমি তোমাকে অনেক মিস করি।’


ওমর সানীর জীবনে মা ছিলেন সবচেয়ে বড় ভরসার জায়গা। ক্যারিয়ারের শুরুর সময় থেকে ব্যক্তিগত জীবনের নানা সিদ্ধান্তে ছায়ার মতো পাশে ছিলেন তিনি। এমনকি শুটিংয়ে আহত হওয়ার পর মায়ের উদ্বেগের স্মৃতিও বহুবার ভাগাভাগি করেছেন অভিনেতা। একবার শুটিং করতে গিয়ে চাবুকের আঘাতে পিঠে গুরুতর জখম হয়েছিল তাঁর। বাসায় ফেরার পর ছেলের অবস্থা দেখে ভেঙে পড়েন মা। সেই ঘটনার স্মৃতিচারণ করে আগে এক সাক্ষাৎকারে ওমর সানী জানিয়েছিলেন, তার মা পরিচালকের ওপর ক্ষোভ প্রকাশ করেছিলেন এবং ছেলের জন্য কান্নায় ভেঙে পড়েছিলেন।


২০০০ সালের ২৩ মে মাকে হারান এই অভিনেতা। এরপর থেকে জন্মদিনও আর আগের মতো উদযাপন করতে পারেন না তিনি। কারণ, মে মাসই তার কাছে মায়ের চলে যাওয়ার স্মৃতি নিয়ে আসে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com