
পশ্চিমবঙ্গে নির্বাচনের ফল ঘোষণার টানটান উত্তেজনার মধ্যেই শোক সংবাদ দিলেন টালিউড অভিনেতা ও সংসদ সদস্য দেব। দীর্ঘ এক দশকেরও বেশি সময়ের সঙ্গী আদরের পোষ্য (কুকুর) ‘লাকি’কে হারিয়েছেন তিনি।
মঙ্গলবার (৪ জুন) সকালে যখন দেশজুড়ে ভোটের ফলাফল নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ, ঠিক সেই মুহূর্তেই সামাজিক মাধ্যমে প্রিয় বন্ধুকে হারানোর কথা জানান এই তারকা।
সামাজিক মাধ্যমে পোষ্যের সঙ্গে কাটানো মুহূর্তের ছবি শেয়ার করে দেব এক আবেগঘন বার্তা দিয়েছেন। লিখেছেন, তুমি আমার জীবনে ঘটা সেরা জিনিস। শান্তিতে থেকো লাকি। তাড়াতাড়ি ফিরে এসো।
দেবের পারিবারিক সূত্রে জানা গেছে, লাকি শুধু একটি পোষ্য ছিল না, বরং পরিবারের একজন সদস্যের মতোই ছিল। শুটিংয়ের ব্যস্ততা কিংবা রাজনীতির চাপের মাঝে বাড়িতে ফিরলেই লাকি তাকে সঙ্গ দিত। সামাজিক মাধ্যমেও প্রায়ই লাকির বিভিন্ন ছবি ও ভিডিও ভক্তদের সঙ্গে শেয়ার করতেন এই অভিনেতা।
নির্বাচনী মাঠে পশ্চিমবঙ্গের ঘাটাল আসন থেকে জয়ের হ্যাটট্রিকের অপেক্ষায় থাকা এই অভিনেতার ব্যক্তিগত জীবনে এমন ছন্দপতনে শোক প্রকাশ করেছেন তার ভক্ত ও সহকর্মীরা। দীর্ঘদিনের সঙ্গীকে হারানোর শোকের কাছে রাজনৈতিক জয়-পরাজয়ের সমীকরণ যেন ম্লান হয়ে পড়েছে।
দেবের এই দুঃসংবাদে সাধারণ মানুষ থেকে শুরু করে কলকাতার বিনোদন জগতের তারকারাও সমবেদনা জানিয়েছেন। অনেকেই মন্তব্য করেছেন, প্রিয় পোষ্যকে হারানোর বেদনা অন্য সব সাফল্যের চেয়েও অনেক বড়।
রাজনীতি ও অভিনয়ের পাশাপাশি দেব একজন পশুপ্রেমী হিসেবেও পরিচিত। লাকি ছাড়াও তার বাড়িতে ‘হ্যাপি’ নামের আরও একটি পোষ্য রয়েছে। প্রিয় সঙ্গীকে হারানোর এই শোক কাটিয়ে উঠতে আপাতত সময় নিচ্ছেন এই অভিনেতা-সাংসদ।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]