সাড়ে ৪ দশক আগের গান নিয়ে ফিরছেন সাবিনা ইয়াসমিন
প্রকাশ : ১২ মার্চ ২০২৬, ১৫:১৪
সাড়ে ৪ দশক আগের গান নিয়ে ফিরছেন সাবিনা ইয়াসমিন
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

দেশীয় চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় গান ‘এই মন তোমাকে দিলাম’। ১৯৮২ সালে মুক্তি পাওয়া ‘মানসী’ সিনেমার জন্য গানটি গেয়েছিলেন সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিন। প্রায় চার দশক ধরে গানটি শ্রোতাদের আবেগ ও স্মৃতির সঙ্গে জড়িয়ে আছে। দীর্ঘ ৪৪ বছর পর আবারও সিনেমার জন্য গানটি গাইলেন সাবিনা ইয়াসমিন। নতুন সংগীতায়োজনে গানটি ব্যবহার করা হয়েছে ‘দম’ সিনেমায়।


মূল গানটির কথা লিখেছিলেন গীতিকার গাজী মাজহারুল আনোয়ার এবং সুর করেছিলেন আনোয়ার পারভেজ। নতুন সংস্করণে গানটির শিরোনাম আগের মতোই রাখা হলেও এতে কিছু নতুন কথা যুক্ত হয়েছে, যা লিখেছেন তন্ময় পারভেজ। গানটির নতুন সংগীত পরিচালনা করেছেন আরাফাত মহসীন নিধি। গত ১১ মার্চ রাজধানীর একটি স্টুডিওতে গানটির রেকর্ডিং অনুষ্ঠিত হয়। এই সংস্করণে সাবিনা ইয়াসমিনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন তরুণ সংগীতশিল্পী মোমিন বিশ্বাস।


রেকর্ডিংয়ের ফাঁকে সাবিনা ইয়াসমিন বলেন, নতুন গানটি তার ভালো লেগেছে বলেই তিনি কাজটি করতে রাজি হয়েছেন। পাশাপাশি নতুন প্রজন্মের শিল্পীদের সঙ্গে কাজ করতেও তার ভালো লাগে বলে জানান তিনি। রেকর্ডিং শেষে সিনেমাটির অভিনয়শিল্পী আফরান নিশো ও পূজা চেরির অভিনয়েরও প্রশংসা করেন এই কিংবদন্তি শিল্পী।


সিনেমাটির নির্মাতা রেদওয়ান রনি জানান, ‘দম’ একটি আবেগঘন গল্পের সিনেমা। দর্শকের নানা অনুভূতিকে স্পর্শ করতে পারে এমন একটি গান তারা সিনেমায় রাখতে চেয়েছিলেন। তার ভাষ্য, ‘এই মন তোমাকে দিলাম’ এখন শুধু একটি গান নয়, এটি একটি জাতির অনুভূতি ও স্মৃতির অংশ।নির্মাতা আরও জানান, গাজী মাজহারুল আনোয়ারের ছেলে সরফরাজ আনোয়ার উপল ও মেয়ে দিঠি আনোয়ার আনন্দের সঙ্গে সিনেমাটিতে গানটি ব্যবহারের অনুমতি দিয়েছেন। গানটির রেকর্ডিংয়ের সময় তারাও উপস্থিত ছিলেন।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com