কলকাতার সিনেমায় প্লেব্যাক গায়ক হিসেবে আত্মপ্রকাশ চঞ্চল চৌধুরীর
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:০৪
কলকাতার সিনেমায় প্লেব্যাক গায়ক হিসেবে আত্মপ্রকাশ চঞ্চল চৌধুরীর
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

শুধু অভিনয় নয়, গানেও সমান পারদর্শী দেশের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। দীর্ঘদিন বিভিন্ন অনুষ্ঠানে তিনি নিজের কণ্ঠে দর্শকদের মুগ্ধ করেছেন। এমনকি, জনপ্রিয় শিল্পীদের গানও তিনি কাভার করেছেন। এবার প্রথমবারের মতো কলকাতার সিনেমায় প্লেব্যাক গায়ক হিসেবে আত্মপ্রকাশ করলেন চঞ্চল চৌধুরী।


পশ্চিমবঙ্গের অভিনেতা ও নির্মাতা ব্রাত্য বসু পরিচালিত সিনেমা ‘শেকড়’-এ চঞ্চল চৌধুরীর গানগুলো শোনা যাবে। সিনেমার জন্য তিনি দুটি বাউল গান নতুনভাবে রেকর্ড করেছেন। একটি গান বিজয় সরকারের ‘এই পৃথিবী যেমন আছে তেমনি ঠিক রবে’, আরেকটি গোষ্ঠ গোপাল দাসের ‘ও জীবন রে, ছাড়িয়া না যাও মোরে’। সিনেমার গল্পের সঙ্গে সম্পূর্ণ সামঞ্জস্য রেখে গান দুটি বাছাই করেছেন চঞ্চল নিজেই।


চঞ্চল চৌধুরী জানান, ‘শুটিং চলাকালে মনে হয়েছিল, এখানে গান থাকলে গল্পের আবহ আরও সমৃদ্ধ হবে। পরিচালক ব্রাত্য বসুকে জিজ্ঞেস করলাম, তিনি সম্মত হলে আমি দুটি গান সাজেস্ট করি। পরিচালক রাজি হয়েছেন এবং শর্ত দিয়েছেন, গানগুলো অবশ্যই আমাকে গাইতে হবে। পরে ডাবিংয়ে কণ্ঠ দেওয়া হয়েছে।’


চঞ্চল চৌধুরী মনে করেন, সিনেমার গল্প ও গান একত্রিত হয়ে দর্শকের অভিজ্ঞতাকে সমৃদ্ধ করবে। ‘শেকড়’ সিনেমাটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ছোটগল্প ‘দ্রবময়ীর কাশীবাস’ ও ‘দাদু’কে অবলম্বন করে তৈরি হয়েছে।


এ সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্র ইন্দ্র নামে এক শ্রমজীবী, যার পিতাকে স্মৃতিভ্রংশের অসুখে ভুগতে দেখা যায়। চঞ্চল নিজেই এই চরিত্রে সংযুক্ত হয়েছেন, কারণ তাঁর বাবা মৃত্যুর আগে একই ধরনের অসুখে ভুগেছেন। সিনেমার পোস্ট প্রডাকশন প্রক্রিয়া সম্পন্নের পথে। সংগীত পরিচালনা করেছেন প্রবুদ্ধ ব্যানার্জি।


চঞ্চল ছাড়াও এতে অভিনয় করেছেন– লোকনাথ দে, সীমা বিশ্বাস, অম্বরীশ ভট্টাচার্য, ঋদ্ধি সেন, অঙ্গনা রায় ও অনসূয়া মজুমদার। এই বছরের মধ্যেই সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com