
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের বিভিন্ন ভোটকেন্দ্রে সকাল থেকেই ভোটারদের ঢল। সেই সঙ্গে অংশ নিয়েছেন দেশসেরা শিল্পীরা। রাজধানীর বারিধারা এলাকায় ভোট দেয়ার সময় উপস্থিত ছিলেন জনপ্রিয় সংগীতশিল্পী মাহফুজ আনাম জেমস। ঢাকা-১৭ নির্বাচনী এলাকায় অবস্থিত বারিধারা স্কলার স্কুল অ্যান্ড কলেজে বিকেল সাড়ে ৩টায় ভোট দেন তিনি।
কেন্দ্রে প্রবেশের সঙ্গে সঙ্গে ভক্তরা জেমসকে ঘিরে ধরে ছবি তোলার জন্য অনুরোধ করেন। তিনি সকলের সঙ্গে বন্ধুসুলভভাবে সেলফি ও শুভেচ্ছা বিনিময় করেন।ভোট দেয়ার পর জেমস জানান, সুন্দর গণতান্ত্রিক প্রক্রিয়াই দেশের মূল শক্তি। সামনে যারা আসবে, এ ধারা যেন অব্যাহত থাকে। দেশে যেন শান্তি আসে, দেশের মানুষ যেন ভালো থাকে।
নির্বাচনের সময় পরিবেশ ও ব্যবস্থাপনা নিয়েও সন্তোষ প্রকাশ করেন তিনি। জেমস বলেন, খুবই স্মুথ। এলাম, স্লিপ নিলাম, ভোট দিলাম সব সুন্দরভাবে হলো। কোনও ঝামেলা নেই। এর জন্য বর্তমান অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ।
ভোট দেয়ার পর ব্যান্ডের অন্যান্য সদস্যদেরও ভোট দিতে উৎসাহিত করেছেন তিনি। ফোনে সদস্যদের ভোট দেয়ার খবর জানান ও তাদের খোঁজখবরও নিয়েছেন। জেমসের এই সরল, বন্ধুসুলভ আচরণ ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণ ভক্ত-অনুরাগীদের মধ্যে উদ্দীপনা সৃষ্টি করেছে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]