ঢাবিতে বহিরাগত প্রবেশ ও যান চলাচলে বিধিনিষেধ আরোপ
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৬, ১৫:৩৮
ঢাবিতে বহিরাগত প্রবেশ ও যান চলাচলে বিধিনিষেধ আরোপ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অঅ-অ+

কয়েকদিন ককটেল বিস্ফোরণের পর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যানবাহন প্রবেশ ও চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একই সঙ্গে ক্যাম্পাসে চলাচলকারী মোটরসাইকেলের জন্য নিরাপত্তা স্টিকার বাধ্যতামূলক করা হয়েছে। আগামী ২০ নভেম্বর থেকে প্রক্টর অফিসের দেওয়া স্টিকার ছাড়া কোনো মোটরসাইকেল ক্যাম্পাসে প্রবেশ ও চলাচল করতে পারবে না।


শনিবার (১৪ নভেম্বর) প্রক্টর অফিস থেকে জারি করা পৃথক দুটি জরুরি বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা দেওয়া হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, আবাসিক ও অনাবাসিক শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে যারা মোটরসাইকেল ব্যবহার করেন, তাদের আগামী ১৯ নভেম্বরের মধ্যে প্রক্টর বরাবর আবেদন করতে হবে। আবেদনপত্রের সঙ্গে মোটরসাইকেলের মালিকানার প্রমাণপত্র, বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র, ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি এবং এক কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি জমা দিতে হবে।


বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২০ নভেম্বরের পর প্রক্টর অফিস থেকে দেওয়া স্টিকার ছাড়া ক্যাম্পাসে কোনো মোটরসাইকেল প্রবেশ ও চলাচল করতে পারবে না। নির্দেশনাগুলো কার্যকর করতে সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতার আহ্বান জানিয়েছে প্রক্টর অফিস।


অন্যদিকে, উদ্ভূত পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার স্বার্থে ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী ছাড়া সব যানবাহনের প্রবেশ ও চলাচল নিয়ন্ত্রিত থাকবে।


তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত গাড়ি, অ্যাম্বুলেন্স, ডাক্তার, রোগী, সাংবাদিক, রাইড শেয়ারিংয়ের যানবাহন, খাবার সরবরাহকারী গাড়ি, অনলাইন শপিংয়ের বাহনসহ অন্যান্য সরকারি গাড়ি ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে।


এ ছাড়া নিরাপত্তার স্বার্থে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যেকোনো ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালাতে পারবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com