
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ডিগ্রি (পাস) প্রোগ্রামের ভর্তি আবেদন শুরু হচ্ছে রবিবার (১৬ আগস্ট) বিকেল ৪টায়। আবেদন করা যাবে আগামী ১৫ সেপ্টোম্বর রাত ১২টা পর্যন্ত।
শনিবার (১৫ আগস্ট) জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এতে বলা হয়, আবেদনকারীদের এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রতিটি কলেজের জন্য আলাদাভাবে কোর্সভিত্তিক মেধা তালিকা প্রণয়ন করা হবে। একই মেধা নম্বরপ্রাপ্ত হলে এসএসসি ও এইচএসসির জিপিএ (৪০: ৬০ অনুপাতে) এবং প্রয়োজনে মোট নম্বরের ভিত্তিতে মেধাক্রম নির্ধারণ করা হবে। এরপরও সমতা থাকলে বয়স কম শিক্ষার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে।
ভর্তি কার্যক্রম ধাপে ধাপে ১ম মেধা তালিকা, ২য় মেধা তালিকা, কোটার মেধা তালিকা এবং ১ম ও ২য় রিলিজ স্লিপের মাধ্যমে সম্পন্ন হবে। তবে এবারও ৩য় রিলিজ স্লিপে আবেদন করার সুযোগ থাকবে না।
আবেদন করতে পারবেন যেসব শিক্ষার্থী
বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২১, ২০২২ ও ২০২৩ খ্রিষ্টাব্দের এসএসসি বা সমমান এবং ২০২৩, ২০২৪ ও ২০২৫ খ্রিষ্টাব্দের এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি (ভোকেশনাল), এইচএসসি (বিজনেস ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি) ও ডিপ্লোমা-ইন-কমার্স উত্তীর্ণ শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন।
এ-লেভেল, ও-লেভেল ও বিদেশি সনদধারীদের ক্ষেত্রে নির্ধারিত নিয়মে সরাসরি ডিন অফিসে বা ইমেইলে আবেদন করতে হবে।
তাতে আরো বলা হয়, যেসব শিক্ষার্থী গত দুই শিক্ষাবর্ষে (২০২৪-২৫ ও ২০২৫-২৬) স্নাতক (সম্মান), স্নাতক (সম্মান) প্রফেশনাল বা স্নাতক (পাস) প্রোগ্রামে ভর্তি হয়ে রেজিস্ট্রেশন কার্ড পেয়েছেন, তারা এই শিক্ষাবর্ষে নতুন করে ভর্তি হতে পারবেন না। তবে পূর্ববর্তী ভর্তি বাতিল করে নতুন শিক্ষাবর্ষে আবেদন করতে পারবেন। একইসঙ্গে কোনো শিক্ষার্থী দ্বৈত ভর্তি হলে তার উভয় ভর্তি ও রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য হবে।
আবেদনে লাগবে ১০০০ টাকা
বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, আবেদনকারীর প্রাথমিক আবেদন ফরমসহ ফি বাবদ এক হাজার টাকা সংশ্লিষ্ট কলেজে (কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে অথবা সরাসরি) জমা দেবে।
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]