এসএসসির ফল পুনর্নিরীক্ষণে আবেদন করা যাবে আজ থেকে ৭ দিন
প্রকাশ : ১১ আগস্ট ২০২৬, ০৯:৩৭
এসএসসির ফল পুনর্নিরীক্ষণে আবেদন করা যাবে আজ থেকে ৭ দিন
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অঅ-অ+

এসএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু হবে আজ মঙ্গলবার (১১ আগস্ট) থেকে। শিক্ষার্থীরা ১৭ আগস্ট পর্যন্ত অনলাইনে এ আবেদন করতে পারবেন। নির্ধারিত নিয়মে আবেদন করে প্রতিটি পত্রের জন্য ১৫০ টাকা হারে ফি দিতে হবে।


পুনর্নিরীক্ষণের আবেদন করতে প্রথমে rescrutiny.eduboardresults.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। সেখানে নির্ধারিত স্থানে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিতে হবে। এরপর ড্রপডাউন থেকে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড নির্বাচন করে ‘সাবমিট’ বাটনে ক্লিক করতে হবে। পরবর্তী ধাপে একটি মোবাইল ফোন নম্বর দিতে হবে। পুনর্নিরীক্ষণের ফল প্রকাশের পর ওই নম্বরেই এসএমএস পাঠানো হবে।


এরপরের স্ক্রিনে শিক্ষার্থীর বিষয়ভিত্তিক ফলাফল দেখা যাবে। এক বা একাধিক বিষয়ের ফল পুনর্নিরীক্ষণের জন্য সংশ্লিষ্ট বিষয় নির্বাচন করে ‘ফি প্রদান করুন’ বাটনে ক্লিক করতে হবে। প্রতিটি পত্রের জন্য ১৫০ টাকা হারে ফি প্রযোজ্য হবে। দ্বিপত্রবিশিষ্ট কোনো বিষয়ের ক্ষেত্রে উভয় পত্রের জন্যই আবেদন করতে হবে।


বিষয় নির্বাচন করার পরের স্ক্রিনে মোট প্রদেয় ফিয়ের পরিমাণ দেখা যাবে। বিকাশ, নগদ ও সোনালী সেবার মাধ্যমে এ ফি পরিশোধ করা যাবে। ফি পরিশোধের বিস্তারিত ধাপ ওই পোর্টালের ‘হেল্প’ বাটনে ক্লিক করে জানা যাবে।


ফি পরিশোধের পর আবার আবেদনের পোর্টালে এসে ‘জমা দিন’ বাটনে ক্লিক করতে হবে। একবার ফি দিয়ে আবেদন জমা দেয়ার পরও অতিরিক্ত কোনো বিষয় যুক্ত করতে চাইলে একই প্রক্রিয়ায় তা করা যাবে। তবে এ ক্ষেত্রে নতুন করে মোবাইল ফোন নম্বর দেয়ার প্রয়োজন হবে না।


অন্যদিকে, ফি পরিশোধের আগে আবেদন পরিবর্তন বা পরিমার্জনের প্রয়োজন হলে ‘মুছে ফেলুন’ বাটনে ক্লিক করে যেসব বিষয়ের জন্য এখনো ফি দেয়া হয়নি, সেগুলো প্রত্যাহার করা যাবে। এরপর নতুন করে বিষয় নির্বাচন করা যাবে।


তবে একবার কোনো বিষয়ের ফি জমা দেয়ার পর সেটি আর বাতিল করা যাবে না। কোনো অবস্থাতেই পরিশোধ করা ফি ফেরত দেয়া হবে না। পুনর্নিরীক্ষণের জন্য কোনো ধরনের ম্যানুয়াল আবেদন গ্রহণ করা হবে না।


চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল সোমবার (১০ আগস্ট) প্রকাশ হয়েছে। এবার উত্তীর্ণ শিক্ষার্থীর হার গতবারের তুলনায় কমেছে। এ বছর গড়ে ৬২ দশমিক ২৫ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। আর জিপিএ-৫ অর্জন করেছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন।


২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ছিল ৬৮ দশমিক ৪৫ শতাংশ। সেবার জিপিএ-৫ পেয়েছিল ১ লাখ ৩৯ হাজার ৩২ জন পরীক্ষার্থী।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com