
এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনে ২৪ হাজার ৭৮৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন বলে জানিয়েছে আন্ত শিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।
কমিটির তথ্য অনুযায়ী, প্রথম দিনে অসদুপায় অবলম্বনের দায়ে সাত পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এর মধ্যে রয়েছেন, যশোরের ২, কুমিল্লার ১, দিনাজপুরের ১ ও ময়মনসিংহ এক শিক্ষার্থী। এ ছাড়া মাদরাসা বোর্ড ও কারিগরির এক শিক্ষার্থী বহিষ্কার হয়েছেন।
বৃহস্পতিবার সকাল ১০টায় বাংলা প্রথমপত্রের (আবশ্যিক) মাধ্যমে এইচএসসি পরীক্ষা শুরু হয়ে দুপুর ১টায় শেষ হয়।
৯টি শিক্ষাবোর্ডে এইচএসসির বাংলা প্রথম পত্র পরীক্ষায় অংশ নেয় ৮ লাখ ৩৮ হাজার ৮৬৪ জন। অনুপস্থিত ছিল ১৭ হাজার ২৩৩ জন। অন্যদিকে মাদরাসা বোর্ডে আলিম পরীক্ষায় কুরআন মাজিদ বিষয়ে অংশ নেয় ৮০ হাজার ৬৫৩ জন, অনুপস্থিত ৪ হাজার ৪৭৮ জন।
শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, এবারের পরীক্ষায় মোট ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে সর্বমোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশ নেওয়ার কথা ছিল।
জানা গেছে, গত দুই বছর আগে এসএসসি পাশ করেও এবার এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে না ৭ লাখ ২৪ হাজার ২১০ শিক্ষার্থী। আন্তঃশিক্ষা বোর্ডের তথ্য বিশ্লেষণ করে জানা গেছে, ২০২৪ সালে এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ১৬ লাখ ৭২ হাজার ১৫৩ শিক্ষার্থী। এর মধ্যে একাদশে নিয়মিত হিসাবে নিবন্ধন (রেজিস্ট্রেশন) করেছিলেন ১৪ লাখ ৯১ হাজার ৮৭২ জন। কিন্তু দুই বছরের ব্যবধানে এইচএসসি পরীক্ষার চূড়ান্ত ফরম পূরণ করেছেন মাত্র ৯ লাখ ৪৭ হাজার ৯৪৩ ছাত্রছাত্রী। অর্থাত্ এসএসসি পাশের পর ঝরে গেছে ৭ লাখ ২৪ হাজার ২১০ জন, যা মোট উত্তীর্ণ শিক্ষার্থীর ৪৩ দশমিক ৩১ শতাংশ।
বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির বোর্ডভিত্তিক তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, এবার কারিগরিতে শিক্ষার্থী কমেছে। বেড়েছে মাদ্রাসা ও সাধারণ বোর্ডে। ৯টি সাধারণ বোর্ডের মধ্যে পরীক্ষার্থীর সংখ্যায় সর্বোচ্চ অবস্থানে ঢাকা বোর্ড। উচ্চমাধ্যমিকে এ বছর নয়টি সাধারণ বোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা ১০ লাখ ৬৯ হাজার ৭১৪ জন, যা গত বছরের থেকে ১৪ হাজার ৩১৬ জন বেশি। ৪ হাজার ৮৮৫টি প্রতিষ্ঠানের এসব শিক্ষার্থী ১ হাজার ৬২৬টি কেন্দ্রে এইচএসসি পরীক্ষায় অংশ নেবেন। বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে এবার অংশগ্রহণ করছেন ৫৮ হাজার ৬৬৪ জন পরীক্ষার্থী। যা অনান্য বোর্ডের তুলনায় সর্বনিম্ন। মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিম পরীক্ষায় বসবেন ৯২ হাজার ৯০৫ জন পরীক্ষার্থী, যা গত বছরের থেকে ৬ হাজার ৮০৩ জন বেশি। ২ হাজার ৭০৫টি মাদ্রাসার এসব পরীক্ষার্থী ৪৬১টি কেন্দ্রে এ পরীক্ষায় অংশ নেবেন।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]