শিক্ষা
ডা. আবদুল্লাহর পদ বাতিলে প্রগতিশীল শিক্ষক সমাজের প্রতিবাদ
প্রকাশ : ২৭ জুন ২০২৬, ১৭:৫৪
ডা. আবদুল্লাহর পদ বাতিলে প্রগতিশীল শিক্ষক সমাজের প্রতিবাদ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বাংলাদেশের চিকিৎসাক্ষেত্রে অন্যতম কিৎবদন্তী অধ্যাপক ডা. এবিএম আবদুল্লাহ 'ইমেরিটাস অধ্যাপক' পদ বাতিলের যে সিদ্ধান্ত বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় নিয়েছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে, বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় প্রগতিশীল শিক্ষক সমাজ।


শনিবার (২৭ জুন) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লোক প্রসাশন বিভাগের সহযোগী অধ্যাপক ও বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় প্রগতিশীল শিক্ষক সমাজের দপ্তর সম্পাদক ড. মাহবুব আলম প্ৰদীপ প্রেরিত এক বিবৃতিতে বলা হয়, আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে, বর্তমান সরকারে নিযুক্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন রাজনৈতিক প্রতিহিংসা'র অংশ হিসেবে সারাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষক হয়রানী ও চাকরিচ্যুতের ঘটনা ঘটাচ্ছে। এরই অংশ হিসেবে সর্বশেষ তারা দেশের বরণ্যে চিকিৎসক অধ্যাপক এবিএম আবদুল্লাহর চিকিৎসা বিজ্ঞানে অবদান ও সেবা প্রদানের কারণে বিশ্ববিদ্যালয় প্রশাসন সম্মানসূচক 'ইমেরিটাস অধ্যাপক' হিসেবে স্বীকৃতি দেয়।


কিন্তু বর্তমান প্রশাসন কোন ধরনের নিয়মনীতির তোয়াক্কা না করে, বাংলাদেশের চিকিৎসা শিক্ষা, গবেষণা ও মানবিক চিকিৎসাসেবার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপনকারী চিকিৎসককে হয়রানী ও সমাজে হেয় প্রতিপন্ন করার জন্য রাজনৈতিক আক্রোশে 'ইমেরিটাস অধ্যাপক' পদ প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে, যা একাডেমিক নৈতিকতা বিবর্জিত ঘটনা।


এমন একজন বরেণ্য শিক্ষাবিদ ও চিকিৎসকের ক্ষেত্রে গৃহীত এই সিদ্ধান্ত দেশের শিক্ষকসমাজ, চিকিৎসকসমাজ এবং সচেতন নাগরিকদের মধ্যে গভীর প্রশ্ন ও উদ্বেগের জন্ম দিয়েছে।


রাজনৈতিক প্রতিহিংসাপরায়ণ মূলক এমন সিদ্ধান্ত অত্যন্ত দুঃখজনক, অনভিপ্রেত এবং উচ্চশিক্ষা ও গবেষণার পরিবেশের জন্য অশনিসংকেত। যদিও গত ২০ মাস ধরে হাজার হাজার শিক্ষকের ওপর চরমভাবে অমানবিক মব সন্ত্রাস চালিয়ে গ্রেফতার,মিথ্যা মামলা, বিভাগীয় ব্যবস্থা, সাময়িক বহিষ্কার ও বয়কটের মাধ্যমে শিক্ষক সমাজকে ক্ষতবিক্ষত করা হয়েছে, যার ফলে লাখ লাখ শিক্ষার্থী শিক্ষা অধিকার থেকে বঞ্চিত হয়েছে। শিক্ষা পরিবার আজ ধ্বংসস্তূপের প্রতিচ্ছবি।


আমরা মনে করি, রাষ্ট্র ও সমাজের গুণী ব্যক্তিদের যথাযথ সম্মান ও মর্যাদা রক্ষা করা একটি সভ্য জাতির দায়িত্ব। মত, পথ বা রাজনৈতিক কারণে জাতীয়ভাবে স্বীকৃত শিক্ষাবিদ, গবেষক ও শিক্ষকদের সম্মান ক্ষুণ্ন করার মতো যেকোনো পদক্ষেপ ভবিষ্যৎ প্রজন্মের জন্য নেতিবাচক দৃষ্টান্ত স্থাপন করবে।


বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় প্রগতিশীল শিক্ষক সমাজ এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানাচ্ছে। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি, যেকোনো সিদ্ধান্ত গ্রহণে ন্যায়সংগত, স্বচ্ছ ও প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া অনুসরণ করা হোক এবং দেশের বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষকদের মর্যাদা ও সম্মান অক্ষুণ্ন রাখা হোক।


আমরা বিশ্বাস করি, জ্ঞান, মানবিকতা ও পেশাগত উৎকর্ষের প্রতি সম্মান প্রদর্শনই একটি প্রগতিশীল, গণতান্ত্রিক ও জ্ঞানভিত্তিক রাষ্ট্র নির্মাণের অন্যতম পূর্বশর্ত।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com