
ছাত্র শিবিরের কর্তৃক গুম ও অপহরণের নাটক সাজিয়ে প্রকৃত ভুক্তভোগীদের অবমাননা, অনলাইনে সংঘবদ্ধভাবে সরকারকে মিথ্যা দোষারোপ এবং সংগঠনটির গুপ্ত নেতাকর্মীদের দ্বারা ধর্ষণ ও নারী নির্যাতনের মতো অপরাধ সংঘটনের অভিযোগে বিক্ষোভ মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদল।
রবিবার (১৪ জুন) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসের শহীদ মিনারের পাদদেশে গিয়ে শেষ হয়।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক জহিরুদ্দিন মুহাম্মদ বাবর, যুগ্ম আহ্বায়ক হুমায়ূন হাবীব হিরণ, সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনিকসহ শাখা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ূন হাবীব হিরণ বলেন, ছাত্র শিবিরের এক নেতা আমাদের এক বোনকে ধর্ষণ ও ভ্রূণ হত্যা করে অপহরণের নাটক সাজিয়েছে। অতীতেও তারা গুমের নাটক সাজিয়ে জনমনে বিভ্রান্ত সৃষ্টি করছে। আমাদের ছাত্র সমাজকে সজাগ থাকতে হবে যাতে তারা এমন অপকর্ম না করতে পারে। বাংলাদেশ স্বাধীনতা বিরোধী শক্তি সব সময়ই দেশকে অস্থিতিশীল করে তুলতে চায়, যা আমাদের ছাত্র সমাজকে রুখে দিতে হবে।
শাখা ছাত্রদলের আহ্বায়ক জহিরুদ্দিন মুহাম্মদ বাবর বলেন, ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর ছাত্ররাজনীতিতে ঐক্য, সহাবস্থান ও গণতান্ত্রিক সংস্কৃতি প্রতিষ্ঠার একটি ঐতিহাসিক সুযোগ সৃষ্টি হয়েছিল। কিন্তু ইসলামী ছাত্রশিবির বিএনপি ও ছাত্রদলকে ঘিরে ধারাবাহিক অপপ্রচার চালিয়ে সেই পরিবেশ ক্ষুণ্ন করছে।
ছাত্রদল সবসময় ক্যাম্পাসে শান্তিপূর্ণ ও শিক্ষাবান্ধব পরিবেশ বজায় রাখতে কাজ করেছে। তবে সম্প্রতি ছাত্রশিবিরের এক নেতার তারেক রহমানকে নিয়ে করা মন্তব্য উসকানিমূলক এবং এ ধরনের বক্তব্য শান্ত ক্যাম্পাসকে অস্থিতিশীল করতে পারে।"
তিনি আরও বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও সকল ছাত্রসংগঠনের দায়িত্বশীল ও গণতান্ত্রিক আচরণ করা উচিত। অপপ্রচার, বিভ্রান্তি ও সংঘাতের রাজনীতি পরিহার করে পারস্পরিক শ্রদ্ধা ও সহাবস্থানের ভিত্তিতে রাজনীতি করতে হবে।
বিক্ষোভ কর্মসূচি শেষে নেতাকর্মীরা উত্থাপিত অভিযোগসমূহের নিরপেক্ষ তদন্ত এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
বিবার্তা/সামিয়া/এসএম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]