
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন ভাইস-চ্যান্সেলর (ভিসি) হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের জ্যেষ্ঠ অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম।
শনিবার (১৬ মে) বেলা ১১টায় তিনি বিশ্ববিদ্যালয়ের সন্তোষ ক্যাম্পাসে এসে কর্মস্থলে যোগদান করেন।
ক্যাম্পাসে পৌঁছেই তিনি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে অবস্থিত মাওলানা ভাসানীর মাজার-এ পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। পরে মাজার জিয়ারত শেষে পরিদর্শন বইয়ে মাওলানা ভাসানী সম্পর্কে নিজের অনুভূতি লিখে স্বাক্ষর করেন।
এরপর ভাইস-চ্যান্সেলরের কার্যালয়ে বিদায়ী উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ নতুন ভিসির সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেন। দায়িত্ব গ্রহণের পর নতুন ভিসি বিশ্ববিদ্যালয়ের ডিন, রেজিস্ট্রার, বিভাগীয় চেয়ারম্যান, হল প্রভোস্ট ও বিভিন্ন দপ্তরের প্রধানদের সঙ্গে মতবিনিময় করেন।
উল্লেখ্য, গত ১৪ মে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর তাঁকে চার বছরের জন্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ প্রদান করেন। একই দিন তিনি আনুষ্ঠানিকভাবে যোগদানপত্রে স্বাক্ষর করেন।
দীর্ঘ চার দশকের শিক্ষকতা, গবেষণা ও প্রশাসনিক অভিজ্ঞতায় সমৃদ্ধ এই শিক্ষাবিদকে নতুন উপাচার্য হিসেবে পেয়ে বিশ্ববিদ্যালয় পরিবারে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
টাঙ্গাইলের কৃতি সন্তান অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলামের শিক্ষাজীবনও অত্যন্ত গৌরবময়। তিনি টাঙ্গাইলের সরকারি মাওলানা মোহাম্মদ আলী কলেজ থেকে কৃতিত্বের সঙ্গে এইচএসসি পাস করে ঢাকা শিক্ষা বোর্ডে চতুর্থ স্থান অর্জন করেন। ফলে টাঙ্গাইলের এই উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের নেতৃত্বে তাঁর আগমন স্থানীয়দের মধ্যে ইতিবাচক প্রত্যাশা তৈরি করেছে।
পরবর্তীতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মার্কেটিং বিষয়ে প্রথম শ্রেণিতে বি.কম (সম্মান) ও এম.কম ডিগ্রি অর্জন করেন। পরে কমনওয়েলথ স্কলার হিসেবে যুক্তরাজ্যের University of Strathclyde থেকে এমফিল এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন।
১৯৮৬ সালের জুলাই মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগে প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন তিনি। দীর্ঘ ৪০ বছরের শিক্ষকতা জীবনে উচ্চশিক্ষা ও গবেষণায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন।
মাভাবিপ্রবিতে যোগদানের আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যুরো অব বিজনেস রিসার্চ (বিবিআর)-এর পরিচালক এবং সেন্টার ফর ডেভেলপমেন্ট অ্যান্ড পলিসি রিসার্চের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
এর আগে ২০০৬ থেকে ২০০৯ সাল পর্যন্ত লিডিং ইউনিভার্সিটি-এর উপাচার্য হিসেবেও সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেন তিনি। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য, ফিন্যান্স কমিটির সদস্য, ইউজিসি ফিন্যান্স কমিটির সদস্য এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্ব পালন করেছেন।
একাডেমিক ও গবেষণাক্ষেত্রেও ড. শহিদুল ইসলাম ব্যাপক সমাদৃত। তিনি দেশের মার্কেটিং শিক্ষার অন্যতম পথিকৃৎ হিসেবে পরিচিত। ‘মার্কেটিং প্রমোশন’, ‘মার্কেটিং’সহ একাধিক পাঠ্যপুস্তক ও গবেষণাধর্মী গ্রন্থের রচয়িতা তিনি। তাঁর তত্ত্বাবধানে বহু শিক্ষার্থী পিএইচডি ও এমফিল ডিগ্রি অর্জন করেছেন।
এছাড়া বিশ্বব্যাংক, ইউজিসি, বিআইডব্লিউটিএ, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের গবেষণা প্রকল্পে প্রধান পরামর্শক হিসেবে কাজ করেছেন তিনি। দেশি-বিদেশি বিভিন্ন স্বনামধন্য জার্নালে তাঁর অসংখ্য গবেষণাপত্র প্রকাশিত হয়েছে।
নতুন দায়িত্ব গ্রহণের পর প্রতিক্রিয়ায় ড. এবিএম শহিদুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, গবেষণার মানোন্নয়ন এবং সেশনজটমুক্ত আধুনিক শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তুলতে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।
বিবার্তা/ইমরুল/এসএম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]