ঢাবির সহকারী প্রক্টর শেহরিন মোনামীর পদত্যাগ
প্রকাশ : ১১ মে ২০২৬, ১২:২৭
ঢাবির সহকারী প্রক্টর শেহরিন মোনামীর পদত্যাগ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সহকারী প্রক্টর পদ থেকে পদত্যাগ করলেন শেহরিন আমিন মোনামী। প্রক্টর পদ থেকে সাইফুদ্দীন আহমেদের পদত্যাগের একদিন পরই এই সিদ্ধান্ত নিলেন আলোচিত এই শিক্ষিকা।


সোমবার (১১ মে) ফেসবুকে দেয়া এক পোস্টে পদত্যাগের কথা জানান মোনামী। সেখানে তিনি উল্লেখ করেন, ‘আমি আনুষ্ঠানিকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টরের পদ থেকে পদত্যাগ করেছি।’


ফেসবুক পোস্টে মোনামী বলেন, ‘শিক্ষকতা পেশার ৭ বছরে কখনো এক মুহূর্তের জন্য প্রশাসনিক কোনো দায়িত্ব পালোনের ইচ্ছা আমার হয়নি। বিইউপি, জগন্নাথ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন কখনো ভাবিনি আমি প্রশাসনিক কোনো দায়িত্ব কখনো নেব। তবে ২৮ আগস্ট, ২০২৪-এ যখন প্রক্টর স্যার (সাইফুদ্দীন আহমেদ) আমাকে কল দিয়ে বললেন, তিনি আমাকে সহকারী প্রক্টর হিসেবে চান, আমি আসলেই অনেক এক্সাইটেড ছিলাম। আমি সামান্য লেকচারার, তার চেয়েও সামান্য একজন মানুষ, এতো বড় দায়িত্ব যা সচরাচর একটু সিনিয়র শিক্ষকরা পান, সেই দায়িত্বে আমি!’


নতুন নেয়া সেই দায়িত্ব সম্পর্কে তিনি আরও বলেন, ‘একে তো নতুন বাংলাদেশ, অনেক আশা, অনেক স্বপ্ন আমাদের সবার চোখে। নিজের দেশ, নিজের আলমা ম্যাটারের জন্য যদি ভালো কিছু করতে পারি, তবে এর চেয়ে সৌভাগ্যের কি হতে পারে! তার উপর আমার ডিপার্টমেন্টের বড় ভাই-স্যার, আমি মানা করবো!’


গতকাল পদত্যাগ করা প্রক্টর সম্পর্কে মোনামী বলেন, ‘গত ২টি বছর আমি সাইফুদ্দীন স্যারের কাছে থেকে শিখেছি, কীভাবে একজন প্রক্টরকে অতিমানব মাত্রার ধৈর্য ধরতে হয়, উত্তপ্ত পরিস্থিতি কীভাবে হাসিমুখে নির্বিকার থেকে ট্যাকেল দিতে হয় আর সর্বোপরি কিভাবে নিজের আত্মসম্মান সমুন্নত রাখতে হয়। ক্ষমতা থাকা সত্ত্বেও ক্ষমা ও মমতায় তিনি শিক্ষার্থীদের আগলে রেখেছিলেন, ওনার টিম মেম্বার হিসেবে আমরাও তাই করার চেষ্টা করেছি, করছি।


নিজের দায়িত্বকাল নিয়ে মোনামী বলেন, ‘আমার টেনিউরে (সময়ে) আমি কী করতে পেরেছি, কতটা সফল ছিলাম এসব হিসাব করবো না। আমি জানিও না সত্যি বলতে।
আমি কেবল জানি একজন অসাধারণ মানুষের নেতৃত্ব, চমৎকার একটি টিমের সাথে একটা অভাবনীয় অভিজ্ঞতা আমার হয়েছে। জুলাই এবং জুলাই পরবর্তী এমন সময় আর সিচুয়েশন আদৌ এই দেশে আর আসবে কিনা আমি জানি না। সম্ভবত ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর কোনো প্রক্টর ও তার টিম এমন সিচুয়েশন ফেস করেনি, সম্ভবত করবেও না।’


স্ট্যাটাসের শেষে মোনামী বলেন, ‘আমার দলের অন্যদের সঙ্গে এবং আমাদের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ স্যারের নেতৃত্বে দায়িত্ব পালন করা সত্যিই ছিল অত্যন্ত সম্মানের। নতুন প্রক্টর এবং তার দলকে আন্তরিক অভিনন্দন। এই গুরুত্বপূর্ণ দায়িত্ব সফলভাবে পালন করার জন্য তাদের প্রতি রইল শুভকামনা।’


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com