শিরোনাম
ভালুকায় সেপটিক ট্যাংক থেকে ৩ মরদেহ উদ্ধার
প্রকাশ : ০৩ মার্চ ২০২১, ২২:৩৪
ভালুকায় সেপটিক ট্যাংক থেকে ৩ মরদেহ উদ্ধার
ময়মনসিংহ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ময়মনসিংহের ভালুকায় কারখানার সেপটিক ট্যাংক থেকে মা-ছেলেসহ তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার রাত ৮টার দিকে ওই তিন জনের মরদেহ উদ্ধার করা হয়।


পুলিশ ও স্থানীয়রা জানান, ভালুকা উপজেলার ধীতপুর ইউনিয়নের বহুলি এলাকায় প্রভিটা ফিড কোম্পানির সেপটিক ট্যাংকের ঢাকনার ভাঙা অংশ দিয়ে বুধবার সন্ধ্যায় পড়ে যায় রোহিত বাগচি (৪) নামের এক শিশু। শিশুটিকে উদ্ধার করতে মা রুলি বাগচিও (২৭) নামেন ট্যাংকের ভেতর। কিন্তু তারা উঠে না আসায় নিরাপত্তা কর্মী হৃদয় মিয়া (২২) ট্যাংকিতে নামেন তাদের উদ্ধার করতে। এরপর কেউ উঠে না আসায় কারখানার অন্য শ্রমিকরা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীদের খবর দেয়। পরে ভালুকা ও ত্রিশাল থানার পুলিশ এবং ত্রিশাল ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান শুরু করেন। রাত ৮টার দিকে শিশু রোহিত, তার মা রুলি ও নিরাপত্তাকর্মী হৃদয়ের লাশ উদ্ধার করা হয়।


রুলি বাগচির বাড়ি রংপুরের মিঠাপুকুর উপজেলার বলদি পুকুরপাড় এলাকায়। প্রভিটা ফিডের কারখানায় কাজ করতেন তিনি। তবে তাৎক্ষণিকভাবে কারখানার নিরাপত্তাকর্মী হৃদয় মিয়ার পরিচয় পাওয়া যায়নি।


ত্রিশাল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মুনিম সারোয়ার বলেন, তারা বেশ কিছুক্ষণ অনুসন্ধান করে লাশগুলো উদ্ধার করেন। অতিরিক্ত গ্যাসের কারণে তারা মারা যেতে পারেন।


ভালুকা থানার ওসি মাহমুদুল ইসলাম তিনজের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে থানায় নেয়া হচ্ছে। পরবর্তীতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।


বিবার্তা/জাই

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com