শিরোনাম
রাজধানীতে ছিনতাই চক্রের ৮ সদস্য গ্রেফতার
প্রকাশ : ২২ অক্টোবর ২০২১, ১৮:৫১
রাজধানীতে ছিনতাই চক্রের ৮ সদস্য গ্রেফতার
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রাজধানীর যাত্রাবাড়ী ও চকবাজার এলাকায় অভিযান চালিয়ে আট ছিনতাইকারীকে গ্রেফতার করেছে র‌্যাব। তারা পথচারীদের ধারালো চাকুর ভয় দেখিয়ে টাকা-পয়সা ও মোবাইল ফোনসহ বিভিন্ন মূল্যবান সম্পদ ছিনিয়ে নিতেন বলে অভিযোগ রয়েছে।


গ্রেফতাররা হলেন- শাহ আলম, পাভেল, ফারহান, ইয়াছিন, হাবিবুল, সৌরভ মিয়া, শাকিল ও জিহাদুল ইসলাম আকাশ।


শুক্রবার (২২ অক্টোবর) বিকেলে র‌্যাব-১০-এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি এনায়েত কবির সোয়েব বলেন, র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন সায়েদাবাদ এলাকায় পৃথক অভিযান চালিয়ে পাঁচ ছিনতাইকারীকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত ৫টি চাকু, ও ৫টি মোবাইল ফোনসেট জব্দ করা হয়।


আরেক অভিযানে চকবাজার মডেল থানাধীন হোসেনি দালান রোড এলাকায় অভিযান চালিয়ে তিন ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত ৩টি চাকু ও ২টি মোবাইল ফোনসেট জব্দ করা হয়।


গ্রেফতারদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে র‌্যাব-১০ এর এই কর্মকর্তা বলেন, গ্রেফতার ব্যক্তিরা বেশ কিছুদিন ধরে যাত্রাবাড়ী ও চকবাজারসহ আশপাশের বিভিন্ন এলাকায় পথচারীদের ধারালো চাকুর ভয় দেখিয়ে টাকা-পয়সা ও মোবাইল ফোনসহ বিভিন্ন মূল্যবান সম্পদ ছিনতাই করে আসছিলেন। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা হয়েছে।


বিবার্তা/খলিল/ইমরান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com