
রাজধানীর মাতুয়াইলের একটি গ্যারেজে অগ্নিকাণ্ডে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের যাতায়াতে ব্যবহৃত ‘নোঙর’ বাসসহ দুটি বাস পুড়ে গেছে।
রবিবার (১৮ অক্টোবর) বেলা পৌনে ১১টার দিকে যাত্রাবাড়ীর মাতুয়াইল মাদ্রাসা রোডের একটি গ্যারেজে এ ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হয়নি।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ‘নোঙর’ বাসটি নরসিংদী রুটে শিক্ষার্থীদের যাতায়াতের কাজে ব্যবহৃত হয়। দুর্গাপূজার ছুটিতে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় নিয়মিত মেরামতের জন্য বাসটি গ্যারেজে নেওয়া হয়েছিল। অন্য একটি বাসে ঝালাইয়ের সময় ওই বাসে আগুন লাগলে তা ছড়িয়ে পড়ে পাশে থাকা জবির ‘নোঙর’ বাসে। এতে বাস দুটির অধিকাংশ অংশ পুড়ে যায়। জবির বাসটির ভেতরের আসনও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
ঘটনাস্থল পরিদর্শন করে বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের পরিবহন সম্পাদক মাহিদ হোসেন গণমাধ্যমকে জানান, ‘নোঙর’ বাসটির পাশে অন্য একটি বাসের মেরামতের কাজ চলছিল। ওই বাসে আগুন লাগার পর জানালা দিয়ে আগুন জবির বাসে ছড়িয়ে পড়ে। এতে বিশ্ববিদ্যালয়ের বাসটির প্রায় সম্পূর্ণ অংশ পুড়ে গেছে।
বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক অধ্যাপক তারেক বিন আতিক গণমাধ্যমকে বলেন, আগের দিন বাসটি মেরামতের জন্য গ্যারেজে দেওয়া হয়েছিল। সকালে আগুন লাগার সময় বাসটিতে কোনো শিক্ষার্থী ছিলেন না। ফলে হতাহতের ঘটনা ঘটেনি।
তিনি আরও বলেন, গ্যারেজ মালিকের সঙ্গে তাদের কথা হয়েছে। মালিকপক্ষ বাসটি পুরোপুরি মেরামত করে দেওয়ার আশ্বাস দিয়েছে। এ কারণে আপাতত আইনানুগ ব্যবস্থা নেওয়ার দিকে এগোচ্ছেন না তারা।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]