
পঞ্চগড়ের সীমান্ত নিরাপত্তা জোরদার ও অপরাধ দমনে বিজিবির কার্যক্রম আরও গতিশীল করতে নতুন একটি বর্ডার আউটপোস্ট (বিওপি) উদ্বোধন করা হয়েছে। জেলার সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের নারায়ণপুর গ্রামে নবনির্মিত ‘নারায়ণপুর বিওপি’ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রংপুর বিজিবি রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম নাছের, পিএসসি, জি+, আনুষ্ঠানিকভাবে বিওপিটির উদ্বোধন করেন।
বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত সুরক্ষা, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধসহ সীমান্ত অপরাধ নিয়ন্ত্রণের লক্ষ্যে নতুন এই বিওপি স্থাপন করা হয়েছে। পঞ্চগড়ের শিংরোড ও ধামেরঘাট সীমান্তবর্তী প্রায় ১৩ কিলোমিটার এলাকায় কার্যকর নজরদারি বাড়াতে বিওপিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উদ্বোধনী অনুষ্ঠানে রিজিয়ন কমান্ডার বলেন, উত্তর-পশ্চিম রিজিয়নের আওতাধীন ১ হাজার ৬৬৮ কিলোমিটার সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বদা সতর্ক, সজাগ ও প্রতিশ্রুতিবদ্ধ। নতুন বিওপি স্থাপনের ফলে সংশ্লিষ্ট এলাকায় বিজিবির অপারেশনাল সক্ষমতা বাড়বে। পাশাপাশি মাদক ও অবৈধ অস্ত্র পাচার, মানব পাচার এবং পুশ-ইনসহ
সব ধরনের সীমান্ত অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বেসামরিক প্রশাসনকে সহযোগিতা এবং জনকল্যাণমূলক কার্যক্রমেও বিজিবি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সীমান্ত নিরাপত্তা আরও আধুনিক ও কার্যকর করতে ঝুঁকিপূর্ণ এলাকায় ড্রোন, সিসিটিভি ক্যামেরা, সার্চলাইট ও নাইট ভিশন ক্যামেরাসহ আধুনিক প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণ করা হয়েছে।
এ সময় ঠাকুরগাঁও সেক্টরের সেক্টর কমান্ডার, নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি)-এর অধিনায়কসহ বিজিবির অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে রিজিয়ন কমান্ডার সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় জনগণ, গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
বিবার্তা/বিপ্লব/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]