
বগুড়ার কাহালুতে ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী দুই ইউপি সদস্য নিহত হয়েছেন। একই দিনে নন্দীগ্রামে দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেকটি ট্রাকের ধাক্কায় প্রাণ গেছে এক চালকের।
কাহালুতে নিহত দুই ইউপি সদস্য হলেন উপজেলার পাইকর ইউনিয়নের রামপুর ভাটিয়ালি গ্রামের বাসেদ মেম্বার ও বাবর আলী মেম্বার।
পুলিশ জানায়, মঙ্গলবার বেলা ১১টার দিকে দুই ইউপি সদস্য একই মোটরসাইকেলে করে ইউনিয়ন পরিষদে যাচ্ছিলেন। পথে পেছন থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
কাহালু থানার উপ-পরিদর্শক (এসআই) নুর ইসলাম জানান, নিহত দুই ইউপি সদস্য নিয়মিত একই মোটরসাইকেলে যাতায়াত করতেন। দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি আটক করা সম্ভব না হলেও এর নম্বর শনাক্ত করা হয়েছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
অন্যদিকে, নন্দীগ্রাম উপজেলার কুন্দারহাট এলাকায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন থেকে আরেকটি ট্রাক ধাক্কা দেয়। এতে ট্রাকচালক নিহত হন। এ ঘটনায় তার সহকারী গুরুতর আহত হয়েছেন।
নিহত চালক ওবায়দুর রহমান যশোরের কেশবপুর এলাকার বাসিন্দা।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]