
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধের জেরে মা মিনারা আক্তারকে (৬৫) পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে। স্বজনদের দাবি, মারধরে আহত হওয়ার পর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মঙ্গলবার (১৭ নভেম্বর) ভোরে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার মৃত্যু হয়।
নিহত মিনারা আক্তার ঈশ্বরগঞ্জ পৌরসভার কাকনহাটি উত্তর এলাকার বাসিন্দা মৃত শিহাব উদ্দিন ফকিরের স্ত্রী।
অভিযুক্তরা হলেন— নিহতের ছেলে কামরুল হাসান ও পুত্রবধূ নিলুফার ইয়াসমিন।
পুলিশ জানায়, সম্পত্তি নিয়ে কামরুল হাসান ও তার স্ত্রী নিলুফার ইয়াসমিনের সঙ্গে পরিবারের সদস্যদের বিরোধ চলছিল। এ নিয়ে কামরুলের বড় বোন শাহানা বেগম ও মা মিনারা আক্তারের সঙ্গে তাদের ঝগড়া হয়। এর জেরে সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যা ৭টা ১০ মিনিটের দিকে কামরুল ও তার স্ত্রী মা মিনারাকে মারধর করে আহত করেন।
হাসপাতাল সূত্রে জানা যায়, সোমবার রাত ১২টা ২০ মিনিটে মিনারা আক্তারকে প্রথমবার ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বাড়িতে নিয়ে যাওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে স্বজনরা মঙ্গলবার ভোর ৫টা ২০ মিনিটে তাকে আবারও হাসপাতালে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ রোমন বলেন, জমিজমা নিয়ে বিরোধের জেরে ছেলে ও পুত্রবধূর মারধরে মায়ের মৃত্যুর ঘটনায় বিধি অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। ঘটনার পর থেকে ছেলে ও পুত্রবধূ পলাতক রয়েছেন।
বিবার্তা/এসএম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]